বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট লড়াই। এ লড়াইতে এগিয়ে থাকতে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিকে চাপে রাখার কথা বলেছেন ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার। চাপে রাখতে কোহলিকে স্লেজিং করতে বলেছেন তিনি।
কোহলিকে মানসিকভাবে চাপে রাখতে তাকে স্লেজিং করার কথা বলেছেন, ‘তার ইগোর সাথে খেলে মানসিকভাবে আটকে রাখতে হবে। তাদের এমনও বলা উচিত, তোমরা আমাদের সাথে তো ফাইনালে পারো না।’
‘তাদের উচিত তাকে এই লাইনে স্লেজ করা কারণ স্টোকস ওয়ানডে এবং টি-টোয়েন্টি জিতেছে এবং কোহলি তা জিতেনি। এটি তাকে মানসিকভাবে চাপে রাখবে।’
ইংল্যান্ডের বিপক্ষে ভালো রেকর্ড রয়েছে বিরাট কোহলির। ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডধারী ২৮ ম্যাচে স্টোকসদের বিরুদ্ধে ১৯৯১ রান করেছেন। পাঁচটি সেঞ্চুরির পাশাপাশি একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে তার।







