সাফের টিকিট শুরু ১০০০ টাকা থেকে, গ্যালারি পূর্ণ থাকার প্রত্যাশা

সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে দুই ম্যাচের জন্য ১ হাজার টাকা দিয়ে টিকিট কিনতে হবে দর্শকদের। আগামী ২৯ অক্টোবর থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। টিকিটের দাম নিয়ে দর্শকদের মধ্যে প্রতিক্রিয়া থাকলেও গ্যালারি পূর্ণ থাকার প্রত্যাশা করছে সাফ কর্তৃপক্ষ। টুর্নামেন্ট ঘিরে নিরাপত্তা, স্টেডিয়ামের প্রস্তুতি ও দর্শকদের নির্বিঘ্নে প্রবেশ নিশ্চিত করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা।
সাফের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার বাফুফের কম্পিটিশন কমিটি ও প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা হয়েছে। সভায় মাঠের অবস্থা, টিকিট ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং স্টেডিয়ামের বিভিন্ন প্রবেশপথ ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানান, দুই ম্যাচের জন্য টিকিটের মূল্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে প্রতি ম্যাচের জন্য খরচ পড়বে ৫০০ টাকা। এটি ডে পাস হিসেবে কার্যকর হবে। বিদেশি দর্শকদের বাংলাদেশে আসার সুবিধার্থে সংশ্লিষ্ট সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় সহায়তামূলক চিঠিও দেওয়া হচ্ছে, যাতে তারা সহজে ভিসা পেতে পারেন।
দর্শক উপস্থিতি নিয়ে আশাবাদী সাফ কর্মকর্তা বলেন, ‘নিরাপত্তার প্রস্তুতিও নেওয়া হচ্ছে গ্যালারি পূর্ণ থাকার প্রত্যাশা সামনে রেখে।’
ভারত দল পূর্ণ শক্তির দল পাঠাবে কি না তা নিয়ে রয়েছে সংশয়। পুরুষোত্তম বলেন, ‘ ভারত আসবে। প্রকাশিত সূচি অনুযায়ীই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এটি টায়ার ওয়ান প্রতিযোগিতা হওয়ায় ভারত যে দল পাঠাবে, সেটিকেই তাদের প্রথম দল হিসেবে বিবেচনা করতে হবে।’
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর অনুশীলনের জন্য কয়েকটি মাঠও নির্বাচন করা হয়েছে। তা নির্ধারণে সাফ ও বাফুফে যৌথভাবে কাজ করছে। নির্বাচিত মাঠগুলোর মধ্যে রয়েছে পুলিশ মাঠ, বুয়েট মাঠ, ৩০০ ফিট এলাকার একটি মাঠ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাঠ এবং কিংস অ্যারেনার বাইরের অনুশীলন মাঠ।
উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির উপস্থিতির প্রত্যাশা রয়েছে। আর ফাইনালে প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছে বাফুফে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাফের সঙ্গে আলোচনা করে নেয়া হবে।





