বাবা ও মেয়ে আরাধ্যকে নিয়ে ঐশ্বরিয়ার আবেগঘন পোস্ট

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন তার প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাই ও মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। দুজনকে নিজের সবচেয়ে প্রিয় মানুষ হিসেবে উল্লেখ করে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে আরাধ্যর একটি পুরোনো ছবি শেয়ার করেন ঐশ্বরিয়া। ছবির সঙ্গে দেওয়া বার্তায় প্রয়াত বাবাকে ‘ড্যাডি-আজ্জা’ এবং মেয়ে আরাধ্যকে ‘অ্যাঞ্জেল’ বলে সম্বোধন করেন তিনি।
পোস্টের ক্যাপশনে ঐশ্বরিয়া লেখেন, ‘জন্মদিনের ভালোবাসা আমার সবচেয়ে প্রিয় দুই মানুষ, ড্যাডি-আজ্জা এবং আমার অ্যাঞ্জেল আরাধ্যর জন্য। তোমাদের ভালোবাসি চিরকাল, অসীমভাবে, নিঃশর্তভাবে—চিরদিন এবং তারও পরে।’
এই আবেগঘন বার্তায় বাবা ও মেয়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা তুলে ধরেছেন অভিনেত্রী। পোস্টটি প্রকাশের পর তার পারিবারিক জীবনের বিশেষ মুহূর্তও উঠে এসেছে আলোচনায়।
উল্লেখ্য, ২০০৬ সালে ‘ধুম ২’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০৭ সালের জানুয়ারিতে তাদের বাগদান হয়। একই বছরের এপ্রিলে বিয়ে করেন তারা। এই দম্পতির একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন।
১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান ঐশ্বরিয়া। ১৯৯৭ সালে মণি রত্নম পরিচালিত তামিল সিনেমা ‘ইরুভার’-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। একই বছর ‘অর পেয়ার হো গয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন তিনি।
সর্বশেষ মণি রত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান: ২’ সিনেমায় অভিনয় করেছেন ঐশ্বরিয়া। এতে দ্বৈত চরিত্রে দেখা যায় তাকে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বিক্রম, জয়ম রবি, কার্তি, তৃষা কৃষ্ণন, জয়রাম, প্রভু ও প্রকাশ রাজসহ অনেকে। এনডিটিভি






