আন্তর্জাতিক

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ৮ দেশের উদ্বেগ

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ৮ দেশের উদ্বেগ

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে কানাডা, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য। একই সঙ্গে আদালতের স্বাধীনতা, নিরপেক্ষতা ও অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে দেশগুলো।

স্থানীয় সময় ৯ অক্টোবর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণায় তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন। আদালতের সমর্থক হিসেবে তাঁরা এ পদক্ষেপের সঙ্গে একমত নন।

বিবৃতিতে বলা হয়, রোম সংবিধি অনুযায়ী আইসিসি যাতে দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারে, সে জন্য সম্ভাব্য নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলায় আদালত যে প্রস্তুতি নিয়েছে, তা তাঁরা প্রশংসা করেন। একই সঙ্গে আদালতের কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করে বলেন, নিষেধাজ্ঞা কার্যকর হলে আইসিসির কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। এসব কর্মকর্তা-কর্মচারী গুরুতর আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগীদের সহায়তায় কাজ করছেন।

বিবৃতিতে আরও বলা হয়, আইসিসির প্রতি সমর্থন অটুট রেখে দেশগুলো আগামী ডিসেম্বর ২০২৬-এ অনুষ্ঠেয় সদস্য রাষ্ট্রগুলোর সম্মেলনের আগে রোম সংবিধির সদস্য নয়, এমন দেশগুলোর সঙ্গে গঠনমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংলাপ চালিয়ে যাবে।

আন্তর্জাতিক আইনভিত্তিক ব্যবস্থা সমুন্নত রাখা, জবাবদিহি নিশ্চিত করা এবং আইসিসির গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে দেশগুলো।

বিষয়:আইসিসি উদ্বেগ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…