আলিসের বোলিং অ্যাকশন ‘সন্দেহজনক’: আইসিসি

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছে বাংলাদেশের অফস্পিনার আলিস আল ইসলামের। অভিষেকের প্রথম ম্যাচেই ২৯ বর্ষী অফস্পিনারের বিরুদ্ধে ‘সন্দেহজনক বোলিং অ্যাকশনের’ অভিযোগ এনেছে আইসিসি। ম্যাচ অফিসিয়ালদের প্রতিবেদনে এ অভিযোগ আনা হয়।
ম্যাচ অফিশিয়ালদের দেয়া প্রতিবেদনে ডানহাতি এই বোলারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন সংক্রান্ত বিধিমালা অনুসারে, কোনো আইসিসি স্বীকৃত টেস্টিং সেন্টারে এখন নিজস্ব বোলিং অ্যাকশনের ‘স্বাধীন মূল্যায়ন’ এর মুখোমুখি হবেন আলিস।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আফগানিস্তানের বিপক্ষে হারের পর ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনে অ্যালিসের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।’ বল করার সময় বোলারদের কনুই ১৫ ডিগ্রি পর্যন্ত প্রসারিত করার অনুমতি রয়েছে এবং তার পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত তিনি ম্যাচগুলোতে বোলিং চালিয়ে যেতে পারবেন।
সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অ্যালিসের বিরুদ্ধে অভিযোগ ওঠার ঘটনা এটিই প্রথম নয়। ২০১৯ সালে প্রথমবার এমনটা ঘটেছিল, যখন তিনি বিপিএলে নিজের টি-টোয়েন্টি অভিষেকের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। ওই বছরের অক্টোবরে বিসিবি আয়োজিত ঘরোয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। গত বছর বিপিএলের সময়ও তার বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল; এরপর তিনি বিসিবির আরেকটি বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হন।





