ঈদ মানে আনন্দ। সেই আনন্দ ভাগাভাগিতে ক্রিকেটারদের মাঝে নানা বৈচিত্র্যতা দেখা গেছে এবারের ঈদ-উল-ফিতরের দিনটিতে। জাতীয় দলের অ্যাসাইনমেন্ট না থাকায় পরিবারের সঙ্গে দিনটি কাটাতে পেরেছেন ক্রিকেটাররা। তাতে পূর্ণতা পেয়েছে সকলের ঈদ।
সাকিব আল হাসানকে দিয়েই শুরু করা যাক। মাগুরায় ঈদ করেছেন তারকা ক্রিকেটার। সকালে বাবার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। ওমরাহ পালনে স্ত্রী-সন্তানদের নিয়ে সৌদি আরবে আছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ঈদ করেছেন সেখানেই।
ঢাকার ছেলে তাসকিন আহমেদ ঈদ করেছেন রাজধানীতে। বাবা ও সন্তানকে নিয়ে প্রাণোচ্ছল একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিন প্রজন্মের মেলবন্ধনের চিত্র ফুটে উঠেছে সেখানে।
আইপিএল খেলতে ভারতে থাকা মোস্তাফিজুর রহমান স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে ভক্তদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।
পরিবারের সঙ্গে আনন্দময় ঈদ কাটানোর বার্তা ছিল দেশের সফলতম ব্যাটসম্যান ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কথায়। তিনি ফেসবুকে লিখেছেন, ‘উৎসবমুখর আয়োজনে পরিবারের সাথে প্রত্যেকের ঈদ কাটুক আনন্দে ও নিরাপদে। ঈদ মোবারক।’
স্ত্রীকে নিয়ে ছবি পোস্ট করেছেন নববিবাহিত পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সন্তানকে বুকে জড়িয়ে ঈদ জামাতে বসে থাকার ছবি পোস্ট করেছেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ক্রিকেট মহলের প্রায় সব তারকাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। পাশাপাশি বার্তা দিয়েছেন উৎসবের।








