আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে আর দেশে ফেরেননি জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। জাতীয় ক্রিকেট দল থেকে দূরে আছেন তিনি। সম্প্রতি সাকিবকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। ঢাকাই সিনেমার খলঅভিনেতা মিশা সওদাগরও এমন সিদ্ধান্তকে দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেছেন।
সাকিবকে নিয়ে মিশা বলেন,“সাকিব আল হাসানকে আরও আগেই দলে ফেরানো প্রয়োজন ছিল।”
মিশার মতে, মেধা ও দক্ষতাকে রাজনীতির মাপকাঠিতে বিচার করা ভুল। তিনি বলেন, সংস্কৃতিকে রাজনীতির সাথে মেলানো ঠিক নয়। রাজনীতির প্রভাব পড়লে শেষ পর্যন্ত সংস্কৃতিই ক্ষতিগ্রস্ত হয় এবং যাদের মেধা আছে, তারা অবশ্যই জাতীয় দলে খেলার সুযোগ পাওয়া উচিত।
আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেয়ার বিষয়েও এসময় কথা বলেন এই তারকা অভিনেতা। মিশা বলেন, “সরকার এবং যারা ক্রিকেট বোর্ড চালান তারা নিশ্চয় দেশের ভালো চিন্তা করেই এ সিদ্ধান্তটি নিয়েছে। কিন্তু আমরাতো মিস করবো। যেহেতু আমার দেশ খেলবে না, পতাকাটা উড়বে না- ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ বললেই তো শরীরের লোম দাঁড়িয়ে যায়; এসব মুহূর্ত অবশ্যই মিস করবো।”
ঢালিউডের শক্তিশালী খল-অভিনেতা মিশা সওদাগর। যিনি প্রায় ৮০০ সিনেমায় অভিনয় করে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন।
অভিনয়ের পাশাপাশি সময়ের চাহিদাকে গুরুত্ব দিয়ে সম্প্রতি একটি ব্র্যান্ড শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এই তারকা। উত্তরার একটি লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনে উপস্থিত হয়ে মিশা সওদাগর গণমাধ্যমের সামনে বিভিন্ন বিষয়ে কথা বলেন।







