বিনোদন

সেই কনসার্ট থেকে আয়কৃত অর্থ গেল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে

শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অর্থ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মৃতি ফাউন্ডেশনে আয়কৃত অর্থের চেক হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাহাত ফতেহ আলী খানের ‘ইকোস অব রেভোল্যুশন’ কনসার্ট থেকে আয়কৃত অর্থ গেল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ‘ইকোস অব রেভোল্যুশন’ কনসার্ট এর আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ প্লাটফর্ম।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থীর প্লাটফর্ম ‘স্পিরিটস অব জুলাই’। জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে এই প্লাটফর্ম থেকেই উদ্যোগ নেয় একটি কনসার্টের। গত ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে সেই চ্যারিটি কনসার্ট আয়োজন করা হয়। যে কনসার্ট থেকে আয় হয় ১ কোটি ৬৫ লক্ষ ১১ হাজার ৪৮৫ টাকা। যা আন্দোলনে শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’- এ দান করা হয়েছে৷

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’- এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সারজিস আলমের হাতে এই চেক তুলে দেওয়া হয়। এসময় ‘স্পিরিটস অব জুলাই’- এর পক্ষ থেকে উপস্তিত ছিলেন ‘ইকোস অব রেভোল্যুশন’ কনসার্টের আয়োজক মহিউদ্দিন মুজাহিদ মাহি, এসএম এহসান উল্লাহ ধ্রুব, খাইরুল আহসান মারজান, সাদেকুর রহমান সানি, মো. নূর এ আলম চৌধুরী, মো. জাফর আলী এবং রাইয়ান রহমান ইরাত।

গত ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই কনসার্টে মূল আকর্ষণ হিসেবে গান পরিবেশন করেন বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাওয়ালী দল সিলসিলার উদ্বোধনী পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া কনসার্টে আরও গান পরিবেশন করেন ছাত্র-জনতার আন্দোলনে গান গেয়ে জেল-জুলুমের শিকার হওয়া শিল্পী হান্নান, র‍্যাপার সেজানসহ দেশীয় ব্যান্ডদল চিরকুট, আর্টশেল ও আফটারম্যাথ। কনসার্টে বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করেন রাহাত ফতেহ আলী খান। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে ছিল প্রাইম ব্যাংক পিএলসি।

অর্থ সংক্রান্ত সার্বিক বিষয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ও পরামর্শ প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয় বলে জানান আয়োজকরা। এ পরিষদে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ ড. কাজী মাহফুজুল হক সুপণ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আনসারুল আলম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. রেজওয়ানুল হক খান এবং বারডেম হাসপাতালের অধ্যাপক ডা. মাহবুবুল হাসান মুনির।

বিষয়:আন্দোলন আর্মি স্টেডিয়াম কনসার্ট জুলাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…