বিনোদন

বাইডেনকে আর প্রেসিডেন্ট হিসেবে চান না ডোয়াইন জনসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন হলিউড তারকা ডোয়াইন জনসন।

ডোয়াইন জনসন, আমেরিকার জনপ্রিয় অভিনেতা ও প্রভাবশালী ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোয়াইন জনসন, আমেরিকার অভিনেতা ও প্রভাবশালী ব্যক্তি, জনসম্মুখে উপস্থিত, সমর্থকদের সাথে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এখনও সাত মাস বাকি। মূল লড়াই হবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। সম্প্রতি নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন হলিউড তারকা ডোয়াইন জনসন।

২০২০ সালে বাইডেনের পক্ষ নিয়ে প্রচারণা চালিয়েছিলেন ডোয়াইন জনসন। তবে এবার ডোয়াইন জনসন জানিয়েছেন, এবছর তিনি কোনো প্রার্থীর পক্ষ নেবেন না। ২০২০ সালে বাইডেন ও কমলা হ্যারিসের পক্ষ নেয়া নিয়ে অনুতাপে ভুগছেন তিনি, এমন ইঙ্গিতও এক সাক্ষাৎকারে দিয়েছেন অভিনেতা।

অভিনেতা বলেছেন, ‘বাইডেনের পক্ষে কাজ করাটাকে সেই সময়ে আমার কাছে সঠিক সিদ্ধান্ত মনে হয়েছিল। ভেবেছিলাম আমার যে অবস্থান, সেখান থেকে মানুষকে ইনফ্লুয়েন্স করার সুযোগ আমার আছে এবং সেই সুযোগটা কাজে লাগানো উচিত। আমি এই কাজ আর করবো না। তখন পৃথিবীর সবচেয়ে বেশি ফলো করা তারকাদের একজন ছিলাম, এখনও আছি। কিন্তু এখন আমি ভিন্ন ভাবে ভাবছি, তখন ভাবিনি। আমার মনে হয় সময়টা অনেক অস্থির হয়ে গেছে, সবখানে শান্তি ফিরুক, সেটাই চাই।’

তিনি আরও বলেন, ‘এই নির্বাচনে আমি কোনো পক্ষ নেব না। আমার পলিটিক্স, আমার কাছেই থাক। এটা আমার আর আমার ব্যালট বাক্সের ব্যাপার। তবে আমি বলতে চাই, অন্যদের মতো আমিও সব রাজনীতিবিদকে বিশ্বাস করি না, আমি যুক্তরাষ্ট্রের মানুষদের বিশ্বাস করি। তারা যাকে ভোট দেবে, তিনিই আমার প্রেসিডেন্ট। তাকেই শতভাগ সমর্থন করবো।’

অভিনেতাকে জিজ্ঞেস করা হয়, ‘আপনি কি যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট?’। উত্তরে, ‘দ্য রক’ তারকা বলেন, ‘না।’

বিষয়:জো বাইডেন ডোয়াইন জনসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…