মার্কিন ইতিহাসে লজ্জার মুখে পড়তে হল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার বিরুদ্ধে ঐতিহাসিক রায় দিয়েছে কলোরাডোর সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প আগামী বছর কলোরাডো রাজ্য থেকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
বিবিসি জানিয়েছে, এই রায় ট্রাম্পের কাছে একটি বড় ধাক্কা। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন ট্রাম্প। তবে এই রায় কলোরাডোর বাইরের রাজ্যগুলোতে প্রযোজ্য নয়।
কলোরাডো সুপ্রিম কোর্টের ৭ জন বিচারকের একটি বেঞ্চ ৪-৩ ভোটে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই রায় দেন। এ সময় তারা মার্কিন সংবিধানের ‘বিদ্রোহ’ সংক্রান্ত ধারাগুলোর আশ্রয় নেন। ধারা অনুযায়ী, যারা বিদ্রোহ করবেন, তারা মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশটির সংবিধানের চতুর্দশ সংশোধনীর ধারা-৩ প্রয়োগ করে কাউকে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অনুপযোগী বলে ঘোষণা করা হলো।
কলোরাডো সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, ক্যাপিটল হিলে হামলায় প্ররোচনা দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকা প্রমাণিত। সেজন্য ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে।








