বিনোদন

সংগীত পরিচালকের মায়ের মৃত্যুতে ১৭ বছর পর চিকিৎসকের কারাদণ্ড

সংগীত পরিচালকের মায়ের মৃত্যুতে ১৭ বছর পর চিকিৎসকের কারাদণ্ড

বলিউডের সংগীত পরিচালক ইসমাইল দরবারের মায়ের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে এক চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের সুরাটের আদালত। পাশাপাশি তাকে এক হাজার রুপি জরিমানা করা হয়েছে। প্রায় ১৭ বছর ধরে চলা এই মামলায় বুধবার (২৫ নভেম্বর) রায় ঘোষণা করেন বিচারিক ম্যাজিস্ট্রেট পি সুরানা। 

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য স্টেটসম্যান’ ও অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালের জানুয়ারিতে জ্বর ও শারীরিক অসুস্থতা নিয়ে সুরাটের গিরিশ গ্রুপ অব হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইসমাইল দরবারের ৭০ বছর বয়সী মা জাইতুনবিবি দরবার।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিঠে ব্যথার কথা জানান তিনি। এরপর চিকিৎসক পরেশ ভাজিয়াওয়ালার নির্দেশে তার পিঠে গরম পানির ব্যাগ দেওয়া হয়। অভিযোগ, নির্দিষ্ট সময় পর ব্যাগটি সরিয়ে নেওয়ার কথা থাকলেও হাসপাতালের চিকিৎসক ও নার্সের অবহেলায় সেটি সারা রাত তার শরীরের নিচে থেকে যায়। এতে তার পিঠে গুরুতর দগ্ধ হওয়ার ক্ষত তৈরি হয়।

পরিবারের অভিযোগ, গরম পানির ব্যাগটি অতিরিক্ত গরম হওয়ায় তারা হাসপাতালের কর্মীদের সতর্কও করেছিলেন। কিন্তু তাদের অনুরোধ যথাযথভাবে গুরুত্ব দেওয়া হয়নি। পরবর্তী সময়ে জাইতুন বিবির শারীরিক অবস্থার অবনতি ঘটে। তিনি কোমায় চলে যান এবং দীর্ঘ চিকিৎসার পর ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি মারা যান।

এ ঘটনায় ইসমাইল দরবারের বোন শাহেদাবানু আথওয়ালাইনস থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে চিকিৎসক পরেশ ভাজিয়াওয়ালা ও নার্স চঞ্চুবেনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়। পরে পুলিশ চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।

মামলার বিচার চলাকালে নার্স আদালতে অনুপস্থিত থাকায় তার বিচারপ্রক্রিয়া আলাদা করা হয়। অন্যদিকে চিকিৎসক পরেশ ভাজিয়াওয়ালার বিরুদ্ধে বিচার অব্যাহত থাকে। মামলায় চিকিৎসক, হাসপাতালের কর্মী ও পরিবারের সদস্যদের সাক্ষ্য এবং বিভিন্ন চিকিৎসাসংক্রান্ত নথি পর্যালোচনা করে আদালত।

৯৫ পৃষ্ঠার রায়ে আদালত ভারতীয় দণ্ডবিধির ৩৩৮ ধারায় চিকিৎসককে দোষী সাব্যস্ত করেন। এ ধারায় অবহেলাজনিত এমন গুরুতর আঘাতের শাস্তির বিধান রয়েছে, যা মানুষের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তাকে বিপন্ন করে। আদালত তাকে দুই বছরের কারাদণ্ড ও এক হাজার রুপি জরিমানা করেন। জরিমানা দিতে ব্যর্থ হলে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে। তবে আপিল করার সুযোগ দিতে তাকে ১৫ হাজির রুপির জামিন দেওয়া হয়েছে।

রায়ের পর ইসমাইল দরবার জানান, দীর্ঘ ১৭ বছর পর তারা বিচার পেয়েছেন এবং আদালতের সিদ্ধান্তে সন্তুষ্ট। তবে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন তিনি।

ইসমাইল দরবার বলিউডের অন্যতম পরিচিত সংগীত পরিচালক। সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ ও ‘দেবদাস’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার মাধ্যমে বিশেষ পরিচিতি পান তিনি। ‘হাম দিলে দে চুুকে সনম’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন এই সংগীতশিল্পী। দ্য স্টেটসম্যান

বিষয়:ইসমাইল দরবার চিকিৎসকের কারাদণ্ড বলিউড মায়ের মৃত্যু সংগীত পরিচালক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…