ক্রিকেট ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত আম্পায়ার হ্যারল্ড ‘ডিকি’ বার্ড মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
ইংল্যান্ডের কাউন্টি দল ইয়র্কশায়ার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বার্ডের মৃত্যুর খবর জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব জানাচ্ছে, ক্রিকেটের অন্যতম প্রিয়ভাজন ব্যক্তিত্ব হ্যারল্ড ডেনিস ‘ডিকি’ বার্ড ৯২ বছর বয়সে নিজের বাসায় শান্তিতে মারা গেছেন।’
১৯৭০ সালের মে মাসে আম্পায়ারিংয়ে অভিষেক হয় বার্ডের। তিনটি বিশ্বকাপ ফাইনালসহ ৬৬টি টেস্ট ও ৬৯টি ওয়ানডেতে আম্পায়ারিং করেন বার্ড। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ১৯৮৬ সালে ‘এমবিই’ ও ২০১২ সালে ‘ওবিই’ সম্মান পান তিনি।
ইংল্যান্ডের ইয়র্কশায়ারের বার্নসলিতে জন্ম বার্ডের। সেখানকার কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে ১৯৫৬ সালে ব্যাটার হিসেবে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন। লেস্টারশায়ারেও খেলেছেন তিনি। ১৯৬৪ সালে শেষ ম্যাচ খেলেন। পরে ২০১৪ সালে ইয়র্কশায়ারের সভাপতিও হন।







