প্রকাশ্যে ধূমপান করে সমালোচনার মুখে পড়েছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। গ্রিসে ঘুরতে গিয়ে এমন বিব্রতকর অবস্থায় পড়েছেন সাক্ষী। ঘটনায় এখনও তারকা দম্পতির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গ্রিসে পরিবার নিয়ে ছুটি কাটাতে গেছেন ধোনি। সঙ্গে আছেন অভিনেত্রী কারিশমা তান্না। তিনি কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে ধোনির স্ত্রী প্রকাশ্যে ধূমপান করছেন। ওই ছবি ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা। ছবিতে দেখা গেছে, বেশ কিছু মানুষের ভিড়ে দাঁড়িয়ে সাক্ষী সিগারেট ধরাচ্ছেন।
সাক্ষীর ধূমপানের ছবি ছড়িয়ে পড়া এবারই প্রথম নয়। কলেজে পড়ার সময় তার ধূমপানের একটি ছবি ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছিল। তবে কোনো সময়ই সাক্ষী ধোনির প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে ধোনি হুক্কা টানছেন এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে অনেকেই সমালোচনা করলে সেসময় অনেকে ধোনির পাশেও দাঁড়িয়েছিল। সাবেক অধিনায়কের পক্ষে অনেকেই বলেছিলেন, একজন ক্রিকেটার ব্যক্তিগত জীবনে কী করছেন তা নিয়ে চর্চা না করাই ভালো।







