সুর, ছন্দ আর তালে ২০১৯ সাল পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে টানা ৫ বার দর্শক উপভোগ করেছেন ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’। তিন দিনব্যাপী লোক সংগীতের সবচেয়ে বড় এই আসর নিয়ে সারা বছর প্রতীক্ষায় থাকেন ঢাকাসহ সারা বাংলাদেশের মানুষ।
কিন্তু ২০২০ সালে মহামারী করোনা এবং পরবর্তীতে নিরাপত্তার জেরে আর অনুষ্ঠিত হয়নি ফোক ফেস্টের কোনো আসর। তবু প্রতি বছর শীত এলেই ‘ফোক ফেস্ট’ নিয়ে চাউর হয় গুঞ্জন!
এ বছর ‘ফোক ফেস্ট’ আয়োজন নিয়ে একটু জোরেসোরেই গুঞ্জন শোনা যায়। গেল অক্টোবরে আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের তরফে আনুষ্ঠানিক ঘোষণার পর স্বস্তি আসে ফোক ফেস্ট প্রেমীদের মনে! আসছে জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ফোক ফেস্ট’ আয়োজনের ঘোষণা দেয়া হয়! এরপর থেকেই দিন গুনতে থাকেন রাজধানীবাসী!
দিনক্ষণ ঘোষণা দেয়ার দুই মাসের মাথায় ফোক ফেস্ট আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা! আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস থেকে জানানো হয়, আপাতত স্থগিত করা হয়েছে আসন্ন ফোক ফেস্ট-এর আসন্ন আয়োজনটি!
বুধবার দুপুরে সান কমিউনিকেশনস-এর এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ঘোষণা অনুযায়ি আমরা আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর আয়োজনের প্রস্তুতি নিয়ে রেখেছি। দেশ বিদেশের শিল্পী, সংগীতজ্ঞদেরও সিডিউল নেয়া হয়ে গেছে। কিন্তু এই পর্যায়ে এসে আমরা ভেন্যু জটিলতার কারণে আপাতত ফোক ফেস্ট এর আয়োজনটি স্থগিত করছি।
তানভীর জানান, প্রাথমিকভাবে আমরা আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষের সাথে আলাপ করেই জানুয়ারিতে ফোক ফেস্ট আয়োজনের চূড়ান্ত তারিখ ঘোষণা করি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে ভেন্যু কর্তৃপক্ষ অনেক কিছু নিয়েই কনসার্ন। সিকিউরিটি একটা বড় ইস্যু। আতিফের কনসার্ট নিয়েও ভেন্যু কর্তৃপক্ষের অভিজ্ঞতা ভালো না, তারউপর ট্রাফিক নিয়েও তারা কনসার্ন। সবকিছু বিবেচনা করেই বলা যায়, আপাতত ‘ফোক ফেস্ট’-এর আসন্ন আয়োজনটি স্থগিত করা হয়েছে।
তবে আশাবাদী তানভীর। জানান, আমরাতো ‘ফোক ফেস্ট’-এর সমস্ত প্রস্তুতি নিয়েই রেখেছি। উৎসবটি তো আমরাও করতেই চাই। নতুন সিডিউল হলে আমরা শুধু আর্টিস্টদের পরবর্তী সময়সূচি জানিয়ে দিবো। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কর্তৃপক্ষ ফোক ফেস্টের জন্য ভেন্যু বরাদ্দ দিবেন।
বিকল্প ভেন্যু নিয়ে কোনো চিন্তা আছে কিনা, জানতে চাইলে সান কমিউনিকেশনস এর এই কর্মকর্তা জানান, বিকল্প ভেন্যু ভাবছি না। আপাতত স্থগিতই করছি। আমাদের প্রস্তুতি যেহেতু পুরোদমে নেয়া, তাই আমরা চেষ্টা করবো ভেন্যুটা যেন পাই। পরিস্থিতি সুবিধাজনক অবস্থায় আমরা অনুষ্ঠানটা এখানেই করতে চাই।
লোকসংগীত বাঙালি জাতির সংস্কৃতি আর ঐতিহ্যে হাজার বছর ধরে প্রবাহমান। সংগীতের এ ধারায় মিশে আছে জীবনের গভীর দর্শন, আধ্যাত্মিকতা, প্রেম আর মাটির ঘ্রাণ। লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয় এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’।







