আদালত

সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণে আহত আইনজীবী

সন্দেহভাজন আটক

সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণে আহত আইনজীবী

ছবি: সংগৃহীত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণে এক আইনজীবী আহত হয়েছেন। এ ঘটনায় রাজীব বোস নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন আইনজীবী ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত আইনজীবীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকার সিএমএম আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম জানান, বিস্ফোরণের পর আইনজীবী ও স্থানীয়রা সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তাকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেওয়া হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, সিএমএম আদালত ভবনের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা আইনজীবী সমিতির নেতারা।

ঢাকা আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক মো. আবজাল হোসাইন মৃধা অভিযোগ করেন, আদালত অঙ্গনে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে শেখ হাসিনার অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে আইনজীবীরা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি। তবে তার অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ৯ নভেম্বর ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

পরদিন সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা করেন। পরবর্তী সময়ে ওই মামলায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়:ককটেল বিস্ফোরণ সিএমএম আদালত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…