নভেম্বরে ১২১টি ককটেল বিস্ফোরণ, ৯৯ পরিবহনে আগুন

চলতি নভেম্বর মাসে সারাদেশে ১২১টি ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনে ৯৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব নাশকতায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এসব ঘটনায় ৬২টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১০০ জনকে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি জানান, নভেম্বর মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর ৭২টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে।
জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে। ফলে তাদের ঝটিকা মিছিল করার সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড বেআইনি হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটবে।
পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার তথ্য তুলে ধরে উপদেষ্টা জানান, এখন পর্যন্ত পুলিশের স্থাপনায় হামলার চারটি ঘটনা ঘটেছে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে ২৮টি এবং পুলিশের স্থাপনা ও গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে চারটি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে পুলিশের কাছে থাকা তথ্যের তুলনায় গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সংখ্যা বেশি। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলা হয়েছে। অন্যদিকে ড. মুহাম্মদ ইউনূসের দাবি, হামলার শিকার শাখার সংখ্যা প্রায় ১০০।
জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় দলটির চারজন কর্মী নিহত হয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, গোপালগঞ্জে এসব ঘটনার সময় সংসদ সদস্যসহ অনেক নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। একটি হাসপাতালেও আগুন দেওয়া হয়েছে।
হাসপাতালে অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে জাহেদ উর রহমান বলেন, এটি কোনো যুদ্ধ নয়। এমনকি যুদ্ধের সময়ও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা চালানো যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়।





