তথ্যপ্রযুক্তি

ডিসেম্বরেই বন্ধ হচ্ছে চ্যাটজিপিটির পুরোনো মডেল

ডিসেম্বরেই বন্ধ হচ্ছে চ্যাটজিপিটির পুরোনো মডেল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে বড় পরিবর্তন আনছে ওপেনএআই। চ্যাট বিভাগের জন্য নতুন মডেল জিপিটি-৬ পয়েন্ট ২ সল চালু করতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।

নতুন এই মডেলে দৈনন্দিন কথোপকথন, ছবি বিশ্লেষণ এবং ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের সক্ষমতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে পুরোনো জিপিটি-৫ পয়েন্ট ৬ সল মডেলটি আগামী ২৩ ডিসেম্বর থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ওপেনএআই।

সোমবার (২৩ নভেম্বর) থেকে চ্যাটজিপিটির প্লাস, প্রো, বিজনেস ও এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য নতুন মডেলটি ব্যবহারের সুযোগ দেওয়া শুরু হয়েছে। তবে বিনা মূল্যের ও গো গ্রাহকেরা আপাতত জিপিটি-৬ পয়েন্ট ২ সল ব্যবহারের সুযোগ পাবেন না।

ওপেনএআই জানিয়েছে, নতুন মডেলটি বিশেষভাবে দৈনন্দিন কথোপকথনের জন্য তৈরি করা হয়েছে। জটিল নির্দেশনা বোঝা, বিস্তারিত অনুরোধ অনুসরণ এবং অনলাইনে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করার ক্ষেত্রে এটি আগের সংস্করণের তুলনায় বেশি দক্ষ। ছবি বিশ্লেষণের ক্ষেত্রেও এসেছে উন্নতি। এখন পণ্যের লেবেলের ছোট লেখা কিংবা পার্কিং নির্দেশকের বিভিন্ন প্রতীক আরও নিখুঁতভাবে শনাক্ত করতে পারবে মডেলটি।

ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিকল্প তুলনা করার সক্ষমতাও বাড়ানো হয়েছে। যেমন, ভ্রমণের জন্য হোটেল খোঁজার সময় দূরত্ব, হাঁটার সুবিধা ও রাতপ্রতি ভাড়ার বিষয়গুলো বিবেচনা করে উপযুক্ত বিকল্প বেছে দিতে পারবে। এমনকি কোনো পণ্যের দাম কমলে ব্যবহারকারীকে সতর্কবার্তা দেওয়ার প্রস্তাবও দিতে পারে নতুন মডেলটি।

নিরাপত্তার দিক থেকেও জিপিটি-৬ পয়েন্ট ২ সলে উন্নতি হয়েছে বলে দাবি করেছে ওপেনএআই। বিশেষ করে কিশোরদের মানসিক নির্ভরশীলতা, খাদ্যাভ্যাসজনিত ঝুঁকি, বিপজ্জনক কর্মকাণ্ড এবং বয়সসীমা নির্ধারিত পণ্য ও সেবা-সংক্রান্ত বিষয়ে নিরাপত্তা পরীক্ষায় আগের জিপিটি-৬ এর চেয়ে ভালো ফল করেছে এটি। সংবেদনশীল কথোপকথনে নিরাপত্তানীতি মেনে চলার ক্ষেত্রে নতুন মডেলটির সাফল্যের হার ৯১ থেকে ৯৪ শতাংশ। আগের মডেলটির ক্ষেত্রে এই হার ছিল ৭৭ থেকে ৮০ শতাংশ।

এদিকে নতুন মডেল চালুর পাশাপাশি পুরোনো সংস্করণ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ২৩ ডিসেম্বর চ্যাটজিপিটির চ্যাট, ওয়ার্ক ও কোডেক্স থেকে জিপিটি-৫ পয়েন্ট ৬ সল সরিয়ে নেওয়া হবে। একই দিনে ওয়ার্ক ও কোডেক্স থেকে জিপিটি-৫ পয়েন্ট ৬ টেরাও বন্ধ করা হবে। তবে চ্যাট বিভাগে টেরা মডেলটির ভবিষ্যৎ নিয়ে এখনো কিছু জানায়নি ওপেনএআই। এর আগে ওপেনএআই জানিয়েছিল, দৈনন্দিন কাজের সক্ষমতা যাচাইয়ের লাইফভ্যাল পরীক্ষায় জিপিটি-৬ পয়েন্ট ২ সল, জিপিটি-৬ অ্যাস্ট্রাকে ছাড়িয়ে গেছে। পাশাপাশি নতুন মডেলটি পরিচালনার খরচও অ্যাস্ট্রার তুলনায় প্রায় সাত ভাগের এক ভাগ।

সব মিলিয়ে নতুন মডেল চালুর মাধ্যমে চ্যাটজিপিটির ব্যবহার আরও সহজ, কার্যকর ও নিরাপদ করার উদ্যোগ নিয়েছে ওপেনএআই। তবে নতুন সুবিধা আপাতত অর্থ পরিশোধকারী গ্রাহকদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে।

বিষয়:কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…