দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে পিটিয়ে হত্যার অভিযোগে হাতিরঝিল থানায় করা মামলায় ৫ আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
এর আগে তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আজ দুপুরে ডিএমপি গণমাধ্যম বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. রুহুল কবির খান জানান, তামিম হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে নিহতের বাবা সুলতান আহমেদ। এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রুহুল কবির খান বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুন (এক নম্বর আসামি) এবং প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের কর্ণধার শেখ রবিউল আলম রবির (তিন নম্বর আসামি) প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
শিগগিরই তাদেরসহ বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনে সোপর্দ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন পুলিশের এই কর্মকর্তা।
গতকাল বৃহস্পতিবার সকালে জমির মালিক সুলতান আহমেদের ছেলে ও সরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধের জেরে হত্যা করা হয়।
ভবন নির্মাণের জন্য জমির মালিক সুলতান আহমেদ প্লিজেন্ট প্রপার্টিজ (প্রা.) লিমিটেড নামে একটি আবাসন নির্মাণ কোম্পানির সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুসারে জমির মালিকদের ফ্ল্যাটের অংশ বুঝিয়ে দেওয়া নিয়ে জমির মালিকদের ও কোম্পানির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।







