ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।
সোমবার (৮ জুন) তথ্যটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবদনে, ভোরে আঘাত হানা এই ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করেছে ফিলিপাইন সরকার।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিন্দানাওয়ের সারঙ্গানি প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এর শক্তিশালী কম্পন মিন্দানাও দ্বীপজুড়ে অনুভূত হওয়ার পাশাপাশি প্রায় ৪২০ কিলোমিটার দূরের ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরেও অনুভূত হয়।
ভূমিকম্পের পর কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রায় সাত লাখ মানুষের বসবাসের শহর জেনারেল সান্তোস সিটির বাসিন্দারা জানান, সাম্প্রতিক বছরের অন্য যেকোনো ভূমিকম্পের তুলনায় এটির কম্পন ছিল অনেক বেশি তীব্র ও ভয়াবহ। শহরটিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকারী দল কাজ করছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পৌঁছে দিতে এবং উদ্ধার কার্যক্রম সমন্বয়ে কাজ করছে ফিলিপাইনের কেন্দ্রীয় সরকার ও স্থানীয় প্রশাসন।







