আন্তর্জাতিক

ভারতে রঙোলি নষ্ট করে নিজেই ঠিক করলেন ডেলিভারি ম্যান

ভারতে রঙোলি নষ্ট করে নিজেই ঠিক করলেন ডেলিভারি ম্যান

ভারতে দীপাবলি উপলক্ষে তৈরি করা রঙোলি ভুল করে পা দিয়ে নষ্ট করে ফেলেছিলেন ফ্লিপকার্টের (ভারতের ই-কমার্স প্রতিষ্ঠান) এক ডেলিভারি ম্যান। তবে ভুল বুঝতে পেরে নিজেই সময় নিয়ে যত্নসহকারে নকশাটি ঠিক করে দেন তিনি। তার এমন আচরণে মুগ্ধ হয়েছেন বাড়ির মালিক। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন ওই ডেলিভারি ম্যান।

রোববার (৮ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড এই তথ্য জানায় এক প্রতিবেদনে।

দীপাবলি ভারতের অন্যতম বড় উৎসব। এ উপলক্ষে বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালানো, মিষ্টি বিতরণ ও আতশবাজি পোড়ানোর পাশাপাশি ঘরের প্রবেশপথে রঙিন নকশা আঁকার প্রচলন রয়েছে। এই নকশাকে বলা হয় রঙোলি।

সম্প্রতি ভারতে রঙোলি ঘিরে এমনই একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দ্রষ্টি নামের এক নারী প্রথমে লক্ষ্য করেন, তার তৈরি রঙোলির নকশাটি কিছুটা এলোমেলো হয়ে গেছে। পরে বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তিনি জানতে পারেন, কী ঘটেছিল।

ফুটেজে দেখা যায়, ফ্লিপকার্টের এক ডেলিভারি ম্যান পার্সেল পৌঁছে দিতে বাড়িতে এসেছিলেন। পার্সেল দেওয়ার পর ফিরে যাওয়ার সময় অসাবধানতাবশত তার পা রঙোলির একাংশের ওপর পড়ে। এতে নষ্ট হয়ে যায় নকশাটির কিছু অংশ।

তবে ভুল করে রঙোলি নষ্ট করার পর সেটি এভাবে ফেলে রেখে যাননি ওই কর্মী। বরং নিজেই সময় নিয়ে যত্নসহকারে নকশাটি আগের মতো ঠিক করার চেষ্টা করেন।

ভিডিওটির ক্যাপশনে দ্রষ্টি লেখেন, ফ্লিপকার্টের ডেলিভারি ম্যান তার অর্ডার পৌঁছে দিতে এসে অসাবধানতাবশত রঙোলির ওপর পা দিয়েছিলেন। কিন্তু নকশাটি নষ্ট করে চলে যাওয়ার পরিবর্তে তিনি নিজেই সেটি ঠিক করে দেন। প্রতিটি ছোটখাটো বিষয়ও ঠিক আছে কি না, তা নিশ্চিত করার চেষ্টা করছিলেন তিনি।

দ্রষ্টি আরও লেখেন, এমন আন্তরিক আচরণ তিনি একেবারেই আশা করেননি। রঙোলিটি তৈরি করতে তিনি অনেক সময় ব্যয় করেছিলেন। তাই কাউকে কিছু না বললেও ওই কর্মী নিজের উদ্যোগে সেটি ঠিক করার চেষ্টা করেছেন বিষয়টি তার কাছে অনেক অর্থবহ।

তিনি ওই ডেলিভারি কর্মীর উদ্দেশে লেখেন, ‘আপনি যেই হোন, আমার দিনটি আরও সুন্দর করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ।’

ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর অনেকেই ওই ডেলিভারি ম্যানের প্রশংসা করে মন্তব্য করেন।

একজন লিখেছেন, ‘বেচারা হয়তো ভয় পেয়েছিলেন। ভেবেছিলেন, গ্রাহক যদি তার বিরুদ্ধে অভিযোগ করেন! প্রতিদিন এসব কর্মীকে যেসব পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাতে এমন ভয় পাওয়া অস্বাভাবিক নয়।’

আরেকজন মন্তব্য করেন, ‘তার কাজটি সত্যিই খুব সুন্দর ছিল। রঙোলিটি ঠিক করতে তিনি নিজের সময় ব্যয় করেছেন। অথচ হয়তো পরবর্তী গ্রাহক দেরিতে পৌঁছানোর কারণে তাকে বকাঝকা করতেন।’

তৃতীয় একজন লেখেন, ‘তিনি বুঝতে পেরেছিলেন, রঙোলিগুলো কত যত্ন নিয়ে তৈরি করা হয়। অসাবধানতাবশত নষ্ট হয়ে যাওয়ার পর নিজের সাধ্যমতো নকশাটি ঠিক করার চেষ্টা করেছেন। তার এই সুন্দর উদ্যোগ সবার সামনে তুলে ধরার জন্য বাড়ির মালিককেও ধন্যবাদ।’

বিষয়:ডেলিভারি ম্যান দীপাবলি রঙোলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…