ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টি-টুয়েন্টিতে তাণ্ডব চালাচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৪১ বলে সেঞ্চুরি করেছিলেন প্রোটিয়া সাবেক। এবার অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ৩৯ বলে।
হেডিংলিতে অজি চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ১৫ চার ও ৮ ছক্কায় ৪৬ বলে ১২৩ রানের ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। তাতে ভর করে তার দল সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স নির্ধারিত ২০ ওভার শেষে সংগ্রহ পায় ৬ উইকেটে ২৪১ রান। জবাবে নেমে ১৬.৪ ওভারে ১৪৬ রানে থামে অস্ট্রেলিয়া।
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ডি ভিলিয়ার্স। প্রায় চার বছর হয়ে গেলেও ২২ গজে এখনও নিধারুণ ৪১ বর্ষী প্রোটিয়া ব্যাটার।
টুর্নামেন্টে প্রথম ম্যাচে আলো ছড়াতে পারেননি ডি ভিলিয়ার্স। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্সের তিন নম্বরে নেমে ৪ বলে ৩ রান করে আউট হন। দ্বিতীয় ম্যাচে ভারত চ্যাম্পিয়ন্সের বিপক্ষে চারে নেমে ৩ ছক্কা ও ৪টি চারে ৩০ বলে অপরাজিত ৬১ রান করেন। পরের দুই ম্যাচে ওপেনিংয়ে নেমে করেন সেঞ্চুরি। ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৭ ছক্কা ও ১৫ চারে ৫১ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন।








