স্যাটায়ার

কাটপিস এর কেরামতি

কাটপিস এর কেরামতি

আবারও আলোচনায় কাটপিস। ইংরেজি শব্দ হলেও বাঙালির অতি কাছের, যেন একেবারেই নিজের এই শব্দ।

এই শব্দ বাঙালির কাছে মানুষের চেয়েও বিচিত্র। মানুষ এক পেশা থেকে আরেক পেশায় গেলে তাকে ক্যারিয়ার পরিবর্তন বলে। কিন্তু একটি শব্দ, যেমন কাটপিস, কাপড়ের কারখানা থেকে সিনেমা হল হয়ে রাজনীতি ও সাংবাদিকতায় ঢুকে পড়লে কী বলা যায়? ভাষার বিবর্তন, নাকি ভাগ্যের উন্নয়ন?

একসময় কাটপিস বলতে বোঝাত কাটা কাপড়ের টুকরা। গার্মেন্টসে পোশাক তৈরির পর বেঁচে যাওয়া কাপড় বাজারে বিক্রি হতো। কম দামে কাপড় কিনে মানুষ ড্রেস বানাত, বালিশের কভার বানাত, চাই কি কাঁথাও বানাত। কাটপিসের তখন কোনো অহংকার ছিল না। সে জানত, মূল পোশাক থেকে বিচ্ছিন্ন হয়ে তার জন্ম।

পরে কাটপিসের নাম হলো ঝুট। আর ঝুট ব্যবসা হয়ে উঠল রীতিমতো লাভজনক। এতই লাভজনক যে, এই পরিত্যক্ত কাপড়ের দখল নিয়ে মারামারি, সংঘর্ষ, রাজনৈতিক প্রভাব বিস্তার; কত কিছুই না ঘটেছে!

এ এক আশ্চর্য অর্থনীতি। গার্মেন্টসের মালিকের কাছে যা অবশিষ্ট, অন্যের কাছে তা মহামূল্যবান সম্পদ। যে কাপড় দিয়ে মানুষের শরীর ঢাকা যায়, তার দখল নিতে গিয়ে অনেকের আসল চরিত্রই উন্মোচিত হয়ে পড়ে।

কাটপিসের পরবর্তী ঠিকানা হলো সিনেমা হল। একসময় বাংলা সিনেমার মূল ছবির মধ্যে হঠাৎ ঢুকিয়ে দেওয়া হতে লাগল রগরগে দৃশ্য কিংবা নীলছবির অংশ। নায়ক হয়তো ভিলেনকে ধরতে দৌড়াচ্ছেন। নায়িকা অপেক্ষা করছেন। দর্শক উত্তেজনায় বসে আছেন। এমন সময় পর্দায় হাজির হতো উত্তেজন সব দৃশ্য।

দর্শক অবাক! নায়ক কোথায় গেলেন? ভিলেনের কী হলো? গল্প কি হঠাৎ অন্যদিকে মোড় নিল?

তবে হলের পেছনের সারির কিছু দর্শক মোটেও অবাক হতেন না। তারা যেন এই দৃশ্যটির জন্যই অপেক্ষা করছিলেন।

এভাবেই কাটপিস বাংলা সিনেমায় এক বিশেষ খ্যাতি অর্জন করল। মূল ছবির চেয়ে বাড়তি অংশই কখনো বেশি আলোচিত হতে লাগল। অর্থাৎ একসময় কাটপিস দিয়ে শরীর ঢাকা হতো, পরে কাটপিস দিয়ে শরীর দেখানো শুরু হলো।

ভাষার কী আশ্চর্য বিবর্তন! কালের বিবর্তনে সিনেমার কাটপিসের সেই জৌলুশ কমেছে। অনেক সিনেমা হল বন্ধ হয়েছে। কাটপিসও হয়তো ভাবছিল, এবার অবসর নেওয়ার সময় হয়েছে। কিন্তু না। প্রতিভাবান শব্দের অবসর নেই।

কাটপিস এবার ঢুকে পড়েছে অন্য জায়গায়। হর্তা-কর্তারা বলছেন, তাদের বক্তব্য নাকি গণমাধ্যম কাটপিস করে প্রচার করছে! ব্যাপারটা বেশ মজার।

একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এক ঘণ্টা বক্তৃতা দিলেন। প্রথম পনেরো মিনিট নিজের সাফল্য বললেন। পরের পনেরো মিনিট প্রতিপক্ষের সমালোচনা করলেন। আরও বিশ মিনিট ইতিহাস, ভূগোল ও অর্থনীতি নিয়ে আলোচনা করলেন। শেষ দশ মিনিটে এমন একটি কথা বললেন, যা শুনে সবার চোখ কপালে।

সাংবাদিক সেই কথাটি প্রচার করলেন। ব্যস, শুরু হলো কাটপিস বিতর্ক। বক্তা বললেন, ‘আমার বক্তব্য কাটপিস করা হয়েছে।’

সাংবাদিক বললেন, ‘কিন্তু কথাটি তো আপনি বলেছেন।’

‘বলেছি, তবে তার আগে অনেক কথা বলেছি।’

‘সেসব কথার সঙ্গে এই কথার সম্পর্ক কী?’

‘পুরো বক্তব্য শুনলে বুঝতেন।’

সাংবাদিক পুরো বক্তব্য শুনলেন। দেখলেন, প্রথমে উন্নয়ন, তারপর আন্তর্জাতিক সম্পর্ক, এরপর শৈশবের স্মৃতি। সবশেষে সেই আলোচিত মন্তব্য।

সাংবাদিক বললেন, ‘পুরোটা শুনেও তো একই অর্থ দাঁড়াচ্ছে।’

বক্তা বিরক্ত হয়ে বললেন, ‘আপনি প্রসঙ্গ বুঝতে পারেননি।’

এখানেই আধুনিক কাটপিসের মাহাত্ম্য।

আগে সিনেমার মধ্যে কাটপিস ঢুকিয়ে বিতর্ক তৈরি করা হতো। এখন বক্তব্য থেকে কাটপিস বের করলেও বিতর্ক তৈরি হয়।

তবে সব কাটপিসের অভিযোগ যে অমূলক, তা নয়। কেউ যদি বলেন, ‘আমি দুর্নীতির পক্ষে নই’, আর সংবাদে শুধু ‘আমি দুর্নীতির পক্ষে’ অংশটুকু প্রচার করা হয়, সেটি অবশ্যই গুরুতর বিকৃতি।

কিন্তু কেউ যদি বলেন, ঠিকাদারের মুনাফার টাকা থেকে ইঞ্জিনিয়ারের জন্য গিফট ঘুষ নয়; আর পরে দাবি করেন, পুরো বক্তৃতা শুনলে বোঝা যেত তিনি দুর্নীতির বিরুদ্ধে, তাহলে ভাষাবিজ্ঞানীদের নতুন গবেষণা প্রয়োজন।

গবেষণার শিরোনাম হতে পারে: ‘একটি বাক্যের আগে-পরে পাঁচ হাজার শব্দ যোগ করে তার অর্থ পরিবর্তনের সম্ভাবনা’।

মনে হয়, বিশ্ববিদ্যালয়ে ‘কাটপিস স্টাডিজ’ নামে নতুন একটি বিভাগ চালু করা উচিত। প্রথম বর্ষে কাপড়ের কাটপিস, দ্বিতীয় বর্ষে সিনেমার কাটপিস, তৃতীয় বর্ষে সংবাদমাধ্যমের কাটপিস এবং চতুর্থ বর্ষে রাজনৈতিক কাটপিস পড়ানো হবে।

এখন তো সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে কাটপিসের বাজার আরও জমজমাট। আগে কাটপিস বিক্রি হতো গজ বা কেজি দরে। সিনেমার যুগে তার দাম উঠত টিকিট বিক্রিতে। এখন কাটপিসের মূল্য নির্ধারিত হয় ভিউ, লাইক, শেয়ার ও বিতর্ক দিয়ে।

এক মিনিটের কাটপিস এক ঘণ্টার বক্তৃতার চেয়ে বেশি জনপ্রিয় হতে পারে।

এক নেতা তার সহকারীকে বললেন, ‘আমার পুরো বক্তৃতা কেউ শুনল না কেন?’

সহকারী বললেন, ‘স্যার, আপনার এক মিনিটের বক্তব্য এক কোটি মানুষ দেখেছে।’

‘কিন্তু সবাই ভুল বুঝেছে!’

‘স্যার, ঠিক বুঝলে হয়তো এক লাখ মানুষও দেখত না।’

এ এক অভিনব গণমাধ্যম অর্থনীতি। এখানে বক্তব্য যত বড়, দর্শক তত কম। বিতর্ক যত বড়, দর্শক তত বেশি।

দেশে কাটপিসের ভবিষ্যৎ অবশ্য উজ্জ্বল। কাপড়ের বাজারে তার চাহিদা কমতে পারে, সিনেমা হলে তার প্রয়োজন ফুরাতে পারে, কিন্তু বক্তব্যের বাজারে তার চাহিদা কমার লক্ষণ নেই।

বরং একদিন হয়তো ‘কাটপিস প্রতিরোধ অধিদপ্তর’ গঠিত হবে। সেখানে প্রতিটি গুরুত্বপূর্ণ বক্তৃতার সঙ্গে একটি প্রত্যয়নপত্র দেওয়া হবে: ‘এই বক্তব্যের কোনো অংশ আলাদাভাবে প্রচার করা যাবে না। বক্তা পরবর্তী সময়ে নিজের বক্তব্যের অর্থ পরিবর্তনের অধিকার সংরক্ষণ করেন।’

তখন আর কোনো বিতর্ক থাকবে না। থাকবে শুধু ব্যাখ্যা, পাল্টা ব্যাখ্যা, ব্যাখ্যার ব্যাখ্যা এবং ব্যাখ্যা কেন কাটপিস হলো তার ব্যাখ্যা।

কাটপিসকে তাই আর অবহেলা করা যায় না। দেশে কাপড়ের কাটপিস দিয়ে জামা বানানো যায়, সিনেমার কাটপিস দিয়ে দর্শক টানা যায়, আর গণমাধ্যমে কাটপিস বক্তব্য প্রচার করা হয়েছে বলে অজুহাত তৈরি করা যায়।

বিষয়:কাটপিস নায়ক নায়িকা ফিল্ম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…