বিনোদন

আসলেই দেউলিয়া হওয়ার পথে অনন্ত জলিল?

আসলেই দেউলিয়া হওয়ার পথে অনন্ত জলিল?

শত শত কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধ করতে না পারায় সংকটে পড়েছে ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্তের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলো। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক। ব্যবসা টিকিয়ে রাখতে অংশীদার খুঁজেও পাননি তিনি। এমনকি কারখানা ভাড়া দেওয়ার চেষ্টা করেও সফল হননি।

এরই মধ্যে এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

ব্যাংকের নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। তবে ২ নভেম্বর হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।

নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার কথাও উল্লেখ করা হয়েছে।

ব্যাংকের আইনি নোটিশের বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে বলেন, করোনার সময় প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে কাজ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা দিয়েছেন। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে।

এদিকে গ্যাস বিল বকেয়া ও গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস। অনন্ত জলিলের দাবি, ব্যাংকের সহযোগিতা ছাড়া এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।

এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে তৈরি পোশাকশিল্পে ব্যবসা শুরু করেছিলেন অনন্ত জলিল। পরে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন। ২০১০ সালে চলচ্চিত্রে যুক্ত হওয়ার পর স্ত্রী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে নিয়ে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমায় অভিনয় করেন। পরে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড।

অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যবসা টিকিয়ে রাখতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেছেন তিনি। একাধিক চীনা উদ্যোক্তার সঙ্গেও আলোচনা করেছেন। তবে আশানুরূপ সাড়া পাননি।

চলচ্চিত্রে সময় দেওয়ার কারণেই ব্যবসায়িক সাম্রাজ্যে ধস নেমেছে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি অনন্ত জলিল। তার ভাষ্য, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে তিনি এই সংকটে পড়েছেন। তথ্যসূত্র: এনটিভি

বিষয়:অনন্ত জলিল এফডিসি নায়ক নায়িকা বর্ষা সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…