বিনোদন

টাইগারের প্রশংসায় নেটিজেনরা, বলছেন ‘রিয়েল হিরো’

টাইগারের প্রশংসায় নেটিজেনরা, বলছেন ‘রিয়েল হিরো’

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আহত হয়েছেন তার গাড়িচালক ফেরদৌস। তবে এ ঘটনায় গুলিবিদ্ধ হননি অভিনেতা। বরং আহত চালককে নিজে গাড়ি চালিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রশংসায় ভাসছেন টাইগার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল ক্লাব থেকে বাড়ি ফেরার পথে টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে থাকা তিন দুর্বৃত্ত। এ সময় একটি গুলি গাড়ির জানালা ভেদ করে চালক ফেরদৌসের হাতে লাগে।

ঘটনার পরপরই চালকের আসনে বসেন টাইগার। এরপর নিজেই গাড়ি চালিয়ে আহত ফেরদৌসকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদন অনুযায়ী, ফেরদৌসের বাঁ হাতে গুলির আঘাতের কারণে একটি বস্তু আটকে ছিল। অন্যদিকে, বারুদের কণা ও ভাঙা কাচের আঘাতে টাইগার সামান্য আহত হলেও তার শরীরে গুলি লাগেনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর টাইগারের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার প্রশংসা করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘প্রকৃত সাহসিকতা দেখতে এমনই হয়।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘টাইগারের উপস্থিত বুদ্ধি অসাধারণ। গুলির ঘটনার পরও তিনি গাড়ি থেকে নামেননি। গাড়ির ভেতরেই চালকের আসনে বসে আহত চালককে হাসপাতালে নিয়ে গেছেন।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুহু থানার প্রায় ৩০০ মিটার দূরে এ গুলির ঘটনা ঘটে। হামলাকারীরা পরে এসভি রোড ও ভিলে পার্লে রেলস্টেশনের দিকে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশ। আহত চালক ফেরদৌসের বক্তব্যও রেকর্ড করেছে পুলিশ। তবে হামলার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। যদিও সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া

বিষয়:গাড়ি চালক টাইগার শ্রফ নায়ক বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…