বাংলাদেশ

আত্মত্যাগের ইতিহাস বুকে নিয়ে ৫৫ বছরে বাংলাদেশের সশস্ত্র বাহিনী

আত্মত্যাগের ইতিহাস বুকে নিয়ে ৫৫ বছরে বাংলাদেশের সশস্ত্র বাহিনী

মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যাত্রা শুরু করা বাংলাদেশের সশস্ত্র বাহিনী ৫৫ বছরে এসে দেশের সার্বভৌমত্ব রক্ষা, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা ও দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আজ শনিবার (২১ নভেম্বর) যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সমন্বিতভাবে স্থল, জল ও আকাশপথে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত আক্রমণ পরিচালনা করেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।

মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ে এই অভিযান বিশেষ তাৎপর্য বহন করে। ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পৃথক বাণী দিয়েছেন।

স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশে একটি পেশাদার ও আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। ধীরে ধীরে তিন বাহিনীর সাংগঠনিক কাঠামো, প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতার উন্নয়ন ঘটে। দেশের সীমান্ত, সমুদ্রসীমা ও আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় সংকটেও দায়িত্ব পালন করছে তারা।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অন্যতম বড় অর্জন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ। ১৯৮৮ সালে ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে কর্মকর্তা পাঠানোর মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সশস্ত্র বাহিনী বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বাংলাদেশের ২ লাখ ৬ হাজার ৪৭৬ জন শান্তিরক্ষী বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ৯টি দেশ ও মিশন এলাকায় দায়িত্বে রয়েছেন ৪ হাজার ২১২ জন।

এদিকে, দিবসটি উপলক্ষে আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে। আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টায় সেনাকুঞ্জে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন সেনানিবাস ও ঘাঁটিতে বিশেষ কর্মসূচি পালিত হবে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর সজ্জিত জাহাজ দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

বিষয়:সশস্ত্র বাহিনী দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…