গোপালগঞ্জ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা

জেলার সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের পর বৃষ্টির মধ্যেই হল ছাড়তে শুরু করেছেন আবাসিক শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাত ১১টায় অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভায় ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে পরবর্তী সময়ে গোপালগঞ্জ জেলার সামগ্রিক পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্ত কার্যকর করতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সব বিভাগ, দপ্তর ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণার পর আবাসিক হলগুলো ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। বৃষ্টির মধ্যেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ত্যাগ করতে দেখা যায় তাদের।

তবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কবে নাগাদ পুনরায় শুরু হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।

বিষয়:অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ ‎গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…