রোনালদোর ভক্ত-সমর্থক আসলে কত, সৌদিতে চলছে বিতর্কের ঝড়

সৌদি টিভিতে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যানবেজ নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে দেশটির ফুটবল মহলে বিতর্ক শুরু হয়েছে। এক অনুষ্ঠানে সৌদি সাংবাদিক আহমেদ আল ফুহাইদ দাবি করেছেন, আল-নাসের কিংবা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল-হিলালের চেয়েও রোনালদোর ভক্তসংখ্যা অনেকবেশি। এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন আরেক সাংবাদিক মোহাম্মদ আল আনজি।
অনুষ্ঠানে সৌদি সাংবাদিক আহমেদ আল ফুহাইদ বলেন, ‘অনেকের হয়তো এটি খারাপ লাগতে পারে, তবে সত্যিটা হল, আল-নাসেরের চেয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তসংখ্যা অনেক বেশি। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ক্রিস্টিয়ানো রোনালদোকে সমর্থন করেন, বিশ্বজুড়ে তার বিশাল এক ভক্তগোষ্ঠী রয়েছে। পরিসংখ্যান, ইতিহাস এবং বাস্তব তথ্যই এর প্রমাণ, কেউ অস্বীকার করতে চাইলেও তা বদলানো যাবে না।’
আল ফুহাইদের মন্তব্যের বিরোধীতা করেছেন আল আনজি। তিনি বলেছেন, `এটি সত্য নয়, রোনালদোর চেয়ে আল-নাসেরের জনপ্রিয়তা বেশি।’ এরপর তিনি প্রশ্ন রাখেন, `আল-হিলালের চেয়েও কি ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত বেশি?’
জবাবে আল ফুহাইদ বলেছেন, `হ্যাঁ, এটাই সত্যি। আমার মধ্যে কোন দ্বিধা নেই, তাই যা সত্য তা-ই বলেছি। নিজে থেকে কোন তথ্য বা ঘটনা বানিয়ে বলছি না। পরিসংখ্যান সবার সামনেই আছে, আর এটি কেবল যুক্তির বিষয়।’
দুই সাংবাদিকের তর্ক ও পাল্টা মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আরব মিডিয়াতে বেশ আলোচিত হচ্ছে।






