সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশে যেভাবে দায়িত্ব শেষ করতে চেয়েছিলাম তা পারিনি।
বাংলাদেশের মিশন শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে এই কথা জানান সাবেক এই রাষ্ট্রদূত।

পোস্টে পিটার হাস জানান, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে আমি যেভাবে আমার দায়িত্ব শেষ করার আশা করেছিলাম, ঠিক সেভাবে করতে পারিনি। আমি যুক্তরাষ্ট্রে ফিরে এসেছি। মার্কিন দূতাবাসের সকল কর্মী, আমার পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী, বাংলাদেশের জনগণ এবং যারা একটি স্বাধীন ও আরও সমৃদ্ধ বাংলাদেশে বিশ্বাস করেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।
উল্লেখ্য, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের ১ মার্চ বাংলাদেশে আসেন পিটার হাস। তিনি রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হন। সোমবার (২২ জুলাই) রাতে তিনি বাংলাদেশে তার মিশন শেষে ঢাকা ত্যাগ করেন। পিটার হাসের পরিবর্তে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন ডেভিড স্লেটন মিল।







