মুশফিকের বিদায়ী টেস্টকে বিশেষ উপলক্ষ বানাতে বললেন তামিম

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলার একমাত্র কীর্তি রয়েছে মুশফিকুর রহিমের। বাংলাদেশের হয়ে মোট ১০৮টি টেস্ট খেলা ৩৯ বর্ষী উইকেটকিপার ব্যাটার আগামী বছরের শুরুতে টেস্ট ক্রিকেট বিদায় জানাতে যাচ্ছেন। তার ক্যারিয়ারের শেষ ম্যাচটিকে বিশেষ উপলক্ষ বানাতে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।
শনিবার বিসিবিতে বসেছিল বোর্ড সভা। সেই সভায় মুশফিকুর রহিমের বিদায় টেস্টের তারিখ ঘোষণা করেন এ বোর্ড কর্তা। তিনি জানান, সংবাদ সম্মেলন করে বিদায়ী টেস্টের ঘোষণা দিতে বললেও মুশফিক সেটিতে রাজি হননি। তাই এ ব্যাটারের অনুরোধে তামিম নিজেই বাংলাদেশের কিংবদন্তি ব্যাটারের বিদায়ের ঘোষণা দিয়েছেন।
মুশফিকের ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের বিদায় প্রসঙ্গে তামিম বলেছেন, ‘আমার খারাপ লাগছে, আমার কষ্ট হচ্ছে যে তার মতো মানের একজন ক্রিকেটার বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু, আসুন এই টেস্ট ম্যাচটিকে একটি বিশেষ উপলক্ষ বানাই। বিসিবির পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও আমি সব সাংবাদিককে অনুরোধ করব, এখন থেকে প্রথম টেস্ট পর্যন্ত, মুশফিকের করা সব মধুর স্মৃতিগুলো আসুন আমরা ফিরিয়ে আনি।’
‘আমি নিশ্চিত, তার এই যাত্রায় কিছু হতাশা ছিল, কিছু সমালোচনা ও অন্যান্য বিষয়ও ছিল, কিন্তু সে যে বাংলাদেশ ক্রিকেটের একজন কিংবদন্তি ছিলেন। সেই বিষয়টি বিবেচনা করে আসুন আমরা একসাথে এটি উদযাপন করি। এখন থেকে ফেব্রুয়ারিতে যখন টেস্ট ম্যাচটি শুরু হবে, ১৪ তারিখে যদি আমি ভুল না করি আমরা কেবল তার করা মধুর বিষয়গুলো, ভালো কাজগুলো এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য তার মহান অবদানগুলোর কথা ভাবি।’
মিডিয়ার প্রতি আহ্বান জানিয়ে সাবেক এ অধিনায়ক আরও বলেন, ‘আমাদের সবার বিসিবি ও মিডিয়া, সব টিভি চ্যানেল, সব প্রিন্ট মাধ্যম, সব সোশ্যাল মিডিয়া, সবাইকে একসাথে হয়ে বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বিভিন্ন সময় মুশফিকুর রহিমের দেয়া সেই মধুর স্মৃতিগুলো ফিরিয়ে আনা উচিত।’
‘এটুকুই ছিল আমার ঘোষণা। আমি ঠিক এখানেই এটি শেষ করতে চাই, কারণ আমি মনে করি এই ঘোষণার পর আমার আর অন্য কোনো বিষয় নিয়ে কথা বলা উচিত নয়। কারণ এটি একটি তাৎপর্যপূর্ণ বিষয় এবং আমাদের সবারই এই বিষয়টিকে সম্মান জানানো উচিত। আমি কেবল এটিই বললাম।’
বাংলাদেশের ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। ওই সিরিজে মিরপুর ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ খেলার কথা রয়েছে। ১৪-১৮ ফ্রেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম টেস্ট, ওই টেস্ট দিয়েই বিদায় নিতে চান বাংলাদেশের সাবেক এ অধিনায়ক। এছাড়া ২০২২ সালে টি-টুয়েন্টি এবং ২০২৫ সালে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিক। বাকি ছিল টেস্ট, সেটিও এবার শেষ করতে যাচ্ছেন তারকা ব্যাটার।
টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিম মোট ১০৮টি ম্যাচ খেলেছেন। এরমধ্যে ১৯৯ ইনিংসে ব্যাট করেছেন, রান করেছেন ৭০৬২। ক্যারিয়ারে তার গড় ৩৮.৮০ এবং সর্বোচ্চ রানের ইনিংস ২১৯ অপরাজিত। তিনি ১৪টি সেঞ্চুরির সাথে ৩০ ফিফটিও করেছেন। ক্যারিয়ারে তিনি টি-টুয়েন্টি ও ওয়ানডে তিন সংস্করণ মিলিয়ে মোট ৪৮৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, করেছেন মোট ১৬,৩৫৭ রান।





