নারায়ণগঞ্জ

শাপলা চত্বরের হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের বিচার হবে: ধর্মমন্ত্রী

শাপলা চত্বরের হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের বিচার হবে: ধর্মমন্ত্রী

সংগৃহীত

 ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

শনিবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আন্তর্জাতিক শানে রিসালাত সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ২০১৩ সালের ৫ মে নবীজি (সা.)-এর মর্যাদা রক্ষা এবং তার শানে কটূক্তিকারীদের বিচারের দাবিতে হেফাজতে ইসলামের তৎকালীন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর নেতৃত্বে রাজধানীর ঐতিহাসিক শাপলা চত্বরে লাখ লাখ তৌহিদি জনতা সমবেত হয়েছিলেন। কিন্তু সে রাতে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে নিরস্ত্র আলেম-ওলামা ও নবীপ্রেমিক মানুষের ওপর নারকীয় হামলা চালানো হয়। এতে বহু দ্বীনি ভাই শহীদ হন এবং অনেকে আহত ও নির্যাতনের শিকার হন।

ধর্মমন্ত্রী বলেন, “আমাদের সরকার ২০১৩ সালের শাপলা চত্বরের নারকীয় হত্যাযজ্ঞসহ সকল অপরাধের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রাসুলুল্লাহ (সা.)-এর মর্যাদা ও সুন্নাহর গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, আল্লাহ তাআলা তাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। মহানবী (সা.)-এর আদর্শ, সুন্নাহ ও সুমহান চরিত্র অনুসরণ করাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা।

আলেম-ওলামা, মসজিদ-মাদরাসা ও দ্বীনি মূল্যবোধের সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী চিন্তাভাবনা ও স্বদিচ্ছায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য রাষ্ট্রীয়ভাবে মাসিক সম্মানী ব্যবস্থা চালু করা হয়েছে।

তিনি জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৬৮ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এ সম্মানীর আওতায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতি বছর এক-চতুর্থাংশ হারে নতুন প্রতিষ্ঠান যুক্ত করে আগামী চার অর্থবছরের মধ্যে দেশের ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সম্মানীর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করে ধর্মমন্ত্রী বলেন, মহান আল্লাহ যেন তাঁকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। তার নেতৃত্বে বাংলাদেশকে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

আন্তর্জাতিক শানে রিসালাত সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়া। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানসহ সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বরা বক্তব্য দেন।

বিষয়:ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন ন্যায়বিচার নিশ্চিত প্রকৃত দোষীদের বিচার শাপলা চত্বর ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…