ক্রিকেট

মুশফিকের অবসরের তারিখ জানিয়ে দিলেন তামিম

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলে বিদায় নেবেন

মুশফিকের অবসরের তারিখ জানিয়ে দিলেন তামিম

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। শত টেস্টের বেশি ম্যাচ খেলা ৩৯ বর্ষী এ ডানহাতি ব্যাটার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলে অবসরে যাবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল শনিবার বিকেলে মুশফিকুর রহিমের অবসরের ঘোষণা দেন। 

সাউথ আফ্রিকা থেকে ফেরার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পরবর্তী সিরিজ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ওই সিরিজে মিরপুর ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলার কথা রয়েছে। ১৪-১৮ ফ্রেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম টেস্ট, ওই টেস্ট দিয়েই বিদায় নিতে চান বাংলাদেশের সাবেক এ অধিনায়ক।

শনিবার বিকেলে বিসিবির সভায় তামিম বলেন, ‘মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নিতে যাচ্ছেন। মুশফিক বেশ কয়েকদিন আগে আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানায়। এরপর থেকে আমি তার সাথে নিয়মিত যোগাযোগে ছিলাম। আমি তাকে বলেছিলাম একটি সংবাদ সম্মেলন করে নিজেই এটি ঘোষণা দিতে।’

‘আমি তাকে (মুশফিককে) ফেসবুক স্ট্যাটাস না দেয়ার জন্যও অনুরোধ করেছিলাম। কারণ সে বাংলাদেশ ক্রিকেটের একজন কিংবদন্তি এবং আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথভাবে হোক। কিন্তু এটি মুশফিকের অনুরোধ, সে আমাকে এই ঘোষণা করার জন্য বলেছে। তার অনুরোধেই আমি এই ঘোষণাটি দিচ্ছি যে, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ ম্যাচ।’

‘বিসিবির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেটের জন্য তার এই অবদানের জন্য আমরা কেবল এবং কেবল তাকে ধন্যবাদ জানাতে পারি ও সমর্থন দিতে পারি। সে অনেক অনেক ক্রিকেটার এবং অনেক অনেক মানুষের, শিশুদের কাছে একজন দারুণ অ্যাম্বাসেডর ও আদর্শ হয়ে ছিল। তাই, বিসিবি অবশ্যই মুশফিকের জন্য বড় একটি আয়োজন/উদযাপন করবে এবং সময়ের সাথে সাথে আরও কিছু বিষয়ও থাকবে আপনারা তা দেখতে পারবেন, জানতে পারবেন।’

টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিম মোট ১০৮টি ম্যাচ খেলেছেন। এরমধ্যে ১৯৯ ইনিংসে ব্যাট করেছেন, রান করেছেন ৭০৬২। ক্যারিয়ারে তার গড় ৩৮.৮০ এবং সর্বোচ্চ রানের ইনিংস ২১৯ অপরাজিত। তিনি ১৪টি সেঞ্চুরির সাথে ৩০ ফিফটিও করেছেন।

বিষয়:ইংল্যান্ড তামিম ইকবাল বাংলাদেশ বিসিবি মিরপুর মুশফিকুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…