প্রথমার্ধে বসুন্ধরা কিংসের সঙ্গে কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করেছিল ঢাকা আবাহনী লিমিটেড। পিছিয়ে পড়ে বিরতির পর মাঠে তাদের চেনাছন্দে পাওয়া যায়নি। কিংসের কৌশলের কাছে ঐতিহ্যবাহী ক্লাবটি ছিল ম্রিয়মাণ। দাপট দেখিয়ে ৩-০ গোলের জয়ে ফেডারেশন কাপের ফাইনালে পা দিয়েছে অস্কার ব্রুজনের দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে মঙ্গলবার দুপুরে ম্যাচের ২২ মিনিটে লিড পায় কিংস। আকাশী-নীলদের সর্বনাশের কারণ অধিনায়ক রহমত মিয়ার ভুল পাস। পাল্টা আক্রমণে কিংসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল দামাসেনো বল নিয়ে তা রাকিব হোসেনের দিকে বাড়ান। রাকিবের কাছ থেকে বল নিয়ে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান অধিনায়ক রবসন।
পাঁচ মিনিট পর চোটের কারণে রহমতকে বেঞ্চে বসিয়ে দেন ঢাকা আবাহনীর কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি। পরিবর্তে নামান ডিফেন্ডার আসাদুজ্জামান বাবুলকে। অধিনায়কত্বের আর্ম ব্যান্ড পরেন মিডফিল্ডার মো. হৃদয়। বিরতির আগমুহূর্তে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ডরিয়েলটন গোল করলেও রেফারি অফসাইডের বাঁশি বাজান।
দ্বিতীয়ার্ধে দুদল পেশিশক্তির জোর দেখাতে শুরু করে। ফুটবলাররা ঘনঘন তর্কে জড়াতে থাকেন। ৭১ মিনিটের মাথায় রাকিবের ডানপ্রান্ত থেকে নেয়া ক্রসে হেডে নিশানাভেদে ব্যবধান দ্বিগুণ করেন ডরিয়েলটন। তাতে ঢাকা আবাহনী কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়। যোগ করা সময়ের সপ্তম মিনিটে বদলি খেলোয়াড় ইব্রাহিম লক্ষ্যভেদ করে আবাহনীর কফিনে শেষ পেরেক ঠুকে দেন।







