উপজেলা নির্বাচনের কারণে আগামী ২১ মে ময়মনসিংহে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল ম্যাচটি হবে না। একদিন পিছিয়ে ২২ মে দুপুর ৩টায় রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে খেলাটি মাঠে গড়াবে।
ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শ অনুযায়ী ফাইনাল ম্যাচটি একদিন পিছিয়ে দেয়া হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
ফেডারেশন কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস। প্রথম সেমিফাইনালে বাংলাদেশ পুলিশকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে মোহামেডান। দ্বিতীয় সেমিতে ঢাকা আবাহনী লিমিটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে কিংস।








