ইতিহাসের প্রাচীন ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকার আয়োজক যুক্তরাষ্ট্র গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে। কোয়ার্টার ফাইনালের টিকিট কাটা উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরে স্বাগতিকরা আসর থেকে ছিটকে গেছে। বলিভিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়ে শেষ আটের টিকিট কেটেছে পানামা।
সি-গ্রুপে তিন ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ের পয়েন্ট ৯। পানামা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ। যুক্তরাষ্ট্রের পয়েন্ট ৩ ও সব ম্যাচ হারা বলিভিয়া শূন্য হাতে আসর শেষ করেছে।
অ্যারোহেড স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬৬ মিনিটের মাথায় লক্ষ্যভেদ করেন উরুগুয়ের ম্যাথিয়াস অলিভেরা।
এদিকে, এডিনা আলভেস বাতিস্তায় গ্রুপের আরেক খেলার ২২ মিনিটে হোসে ফাজার্ডোর গোলে লিড পায় পানামা। ৬৯ মিনিটে বলিভিয়াকে সমতায় ফিরিয়েছিলেন ব্রুনো মিরান্ডা। ৭৯ ও যোগ করা সময়ের প্রথম মিনিটে পানামার হয়ে নিশানাভেদ করেন এডুয়ার্ডো গুয়েরেরো এবং সিজার ইয়ানিস।








