কোপা আমেরিকার শিরোপার নির্ধারণী ম্যাচে বলের দখল নিতে গিয়ে ৬৪ মিনিটে ভারসাম্য হারিয়ে পড়ে যান লিওনেল মেসি। সেই ম্যাচের পর শঙ্কা জেগেছে কিংবদন্তির মাঠে ফেরা নিয়ে। তবে শিরোপা জয়ের পর মেসি জানিয়েছেন, তিনি ভালো আছেন এবং দ্রুতই ফিরবেন মাঠে।
মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার ভোরে কলম্বিয়াকে ১-০তে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। জয়ের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন ৩৭ বর্ষী মহাতারকা। ম্যাচ শেষে আরেকবার কাঁদেন মেসি, সেই কান্না ছিল আনন্দের।
সবকিছু মিলিয়ে এখনও কোনো কথা বলেননি এলএম টেন। তবে চোট কাটিয়ে দ্রুতই মাঠে ফিরবেন বলে আশাবাদী তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘কোপা আমেরিকা শেষ হয়েছে। প্রথম বিষয়টি হল, আমাকে দেয়া বার্তা আর অভিনন্দনের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি ঠিক আছি। ঈশ্বরকে ধন্যবাদ। আশা করি দ্রুতই আবার আমি মাঠে ফিরতে পারব। আমি এই কাজটাই সবচেয়ে বেশি পছন্দ করি এবং ভালোবাসি। আমি খুব খুশি, বিশেষ করে আমাদের লক্ষ্য পূরণ করেছি।’
‘ফিদে (অ্যাঙ্গেল ডি মারিয়া) দল থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমরা আরেকটি কাপ জিতেছি। তাতে আমি খুশি। তার মতো অভিজ্ঞ খেলোয়াড়, আমি বা ওটামেন্ডি এই সময়ে এসে শিরোপা জিতেছি, যা নতুনদের জন্য প্রেরণার। আমরা এখন শুধু একটি দল নয় একটি পরিবারও। অন্যদের কাছে অনুকরণীয় একটি দল।’
‘যারা আমাদের সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। জাতীয় দলের অনেক বর্তমান এবং ভবিষ্যৎ রয়েছে। চলো আর্জেন্টিনা, এগিয়ে যাই।’








