ম্যাচজুড়ে আর্জেন্টিনা দাপট দেখালেও চিলির বিপক্ষে গোলের দেখা পাচ্ছিল না। একটা সময় মনে হচ্ছিল বর্তমান চ্যাম্পিয়নদের রুখে দেবে চিলি। বদলি হিসেবে নেমে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন লৌতারো মার্টিনেজ। লিওনেল মেসির কর্নার থেকে পাওয়া বলে মার্টিনেজের দারুণ এক গোল, চিলিকে হারিয়ে আসরের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকায় বুধবার বাংলাদেশ সময় সকালে ‘এ’ গ্রুপের ম্যাচে চিলির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচজুড়ে অধিপত্য দেখায় আলবিসেলেস্তে দল। প্রথমার্ধ গোলশূন্য থেকে শেষ করলেও দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে গোল এনে ১-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মেসিবাহিনী।
ম্যাচে ৬২ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার। ২২টি শটের মধ্যে ৯টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অপরদিকে, চিলি ৩টি শটের মধ্যে সবগুলো লক্ষ্যে রাখে।
ম্যাচে শরীরী ফুটবল খেলেছে দুই পক্ষই। মোট ৯বার বেজেছে ফাউলের বাঁশি। এমনকি মেসিকে একবার চিকিৎসার জন্য যেতে হয়েছে মাঠের বাইরে। পরে আবারও মাঠে ফেরেন ৩৭ বর্ষী মহাতারকা। হয়ে ওঠেন আক্রমণাত্মক। কিন্তু চিলির গোলমুখে বল প্রবেশ করাতে পারেননি কেউই। গোলশূন্য থেকে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়র্ধের শুরু থেকে চিলিকে আরও কোণঠাসা করে রাখে আর্জেন্টিনা। আক্রমণের পসরা সাজিয়ে শুধু গোলের অপেক্ষায় ছিল মেসিবাহিনী। সফলতা আসে নির্ধারিত সময় শেষের কয়েক মিনিট আগে। ৮৮ মিনিটে মেসির কর্নার কিক থেকে বল পেয়ে জটলার মধ্য দিয়ে জালে জড়ান লৌতারো মার্টিনেজ। ১-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দলটি।







