জনপদ

রাজনৈতিকভাবে মোকাবিলা করে খুনি চক্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু

রাজনৈতিকভাবে মোকাবিলা করে খুনি চক্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু

ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে, তখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি চক্র আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। তারা মানুষ হত্যা করে দেশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। তবে তাদের রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আওয়ামী লীগের গত ১৭ বছরের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মী হত্যা, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও ছয় বছর কারাগারে থাকতে হয়েছে। নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই শাসনব্যবস্থার অবসান ঘটিয়েছে।

তিনি অভিযোগ করেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও আওয়ামী লীগের নেতারা প্রতিবেশী দেশে অবস্থান করে বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছেন। এত ঘটনার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তারা জনগণের সমর্থনের পরিবর্তে সহিংসতার মাধ্যমে রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।

বিএনপির এই নেতা আরও বলেন, যারা দেশের ক্ষতি করতে চায়, তারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও হত্যার পথ বেছে নিয়েছে। গত দুই দিনে বিএনপির তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

নেতাকর্মীদের উদ্দেশে টুকু বলেন, প্রত্যেকটি অলিগলি, পাড়া-মহল্লায় বিএনপির সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী করতে হবে। কারণ, একটি অপশক্তি দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপি দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে কখনো আপস করবে না।

তিনি বলেন, দেশের মানুষ শান্তি ও আইনের শাসন চায়। বাংলাদেশকে বুকে ধারণ করে দেশ গঠন এবং মানুষের কল্যাণে কাজ করতে চায় বিএনপি। তবে যারা সন্ত্রাস, সহিংসতা ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশের শান্তি বিনষ্ট করবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। টাঙ্গাইলে সন্ত্রাসের কোনো স্থান হবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই দেশের অগ্রযাত্রা থামাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, শহরের পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এতে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন। এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়:টাঙ্গাইল বিক্ষোভ সমাবেশ সুলতান সালাউদ্দিন টুকু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…