কাতার বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থ অভিযান শেষে কোচের দায়িত্ব ছেড়েছিলেন টিটে। পরে শুরু হয় সেলেসাওদের কোচ নিয়ে নানা আলোচনা-নাটকীয়তা। সব ছাপিয়ে নেইমার-ভিনিসিয়াসদের কোচিংয়ের দায়িত্বে আসেন ডোরিভাল জুনিয়র। শুরুতে কোপা আমেরিকা পর্যন্ত আলোচনা থাকলেও এবার ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে দায়িত্ব পেলেন ৬২ বর্ষী ডোরিভাল।
কোপা আমেরিকার চলতি আসরে সেরাটা দিতে পারেনি নয়বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে একসময় ১০ জনের উরুগুয়ের সঙ্গেও গোলশূন্য থাকে। পরে পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে হেরে বিদায় নেয় সেলেসাওবাহিনী। গ্রুপপর্বে প্যারাগুয়ের বিপক্ষে জয় ছাড়া কলম্বিয়া ও কোস্টারিকার বিপক্ষে ড্র ছিল ডোরিভালের দলের।
কোপা আমেরিকা থেকে দল বিদায় নিলেও ডোরিভাল জুনিয়র ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের দায়িত্বে থাকছেন। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগুয়েজ জানিয়েছেন খরটা।
‘দুইমাসের মধ্যে, আমাদের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হতে চলেছে। এই মুহূর্তে আমাদের পরিকল্পনা ডোরিভালের সঙ্গে চালিয়ে যাওয়ার। এটি একটি বিশ্বকাপ চক্র। এই মুহূর্তে দলের কী দরকার সেটা তিনি এবং তার কোচিংস্টাফ বুঝতে পারবেন। ডোরিভাল জানেন কোথায় ভুল হচ্ছে। এভাবেই একটি বিজয়ী দল তৈরি হয়।’
‘আমরা কোপা আমেরিকা জিততে চেয়েছিলাম, কিন্তু আমরা এটাও জানি যে নতুন দলের সঙ্গে দারুণকিছু করার এটা কেবল শুরু। এখানে তরুণ খেলোয়াড় আছে এবং আরও আসছে, এমনকিছু আমরা আগেই জানতাম।’
সর্বশেষ ২০১৯ সালে কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিল। দুবছর পর ২০২১ আসরের ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০তে হেরে শিরোপা ধরে রাখার অভিযানে ব্যর্থ হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। ২০২২ কাতার বিশ্বকাপেও কোয়ার্টার থেকে বিদায় নিতে হয়েছিল সেলেসাওদের।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৪ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে ডোরিভালের দল।







