শেষ রোমাঞ্চের অপেক্ষা। পর্দা নামার পালা চ্যাম্পিয়ন খুঁজে নিয়ে। যুক্তরাষ্ট্রে চলতি কোপা আমেরিকার ৪৮তম আসরে এবার ফাইনাল মহারণ। লাতিন অঞ্চলের ঐতিহ্যবাহী মহাদেশীয় টুর্নামেন্টে দীর্ঘ ২৩ বছর পর ফাইনালে উঠেছে কলম্বিয়া, তৃতীয়বার ফাইনাল খেলবে তারা। শিরোপা নির্ধারণী মঞ্চে প্রতিপক্ষ বর্তমান ও টুর্নামেন্টের ১৫বারের চ্যাম্পিয়ন, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কলম্বিয়াকে হারিয়ে দিতে পারলে নতুন এক রেকর্ড গড়বে স্কালোনি-মেসি বাহিনী।
মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনাল মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচ।
১৯১৬ সাল থেকে চলা কোপার ৪৭টি আসরের মধ্যে আর্জেন্টিনা-উরুগুয়ে-ব্রাজিলেরই বেশি দাপট। তিন দলের সবমিলিয়ে শিরোপা ৩৯টি। দুবার করে চ্যাম্পিয়ন হয়েছে চিলি, পেরু, ও প্যারাগুয়ে। বলিভিয়া ও কলম্বিয়া শিরোপা নিয়েছে একবার করে।
এপর্যন্ত ১৫বার করে চ্যাম্পিয়ন হয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। এবারের আসরে সেমিতে উরুগুয়েকে বিদায় করেছে অপরাজিত থাকা কলম্বিয়া। শিরোপা জয়ের শেষধাপে তাদের পরীক্ষা টুর্নামেন্টের আরেক অপরাজিত আর্জেন্টিনার বিপক্ষে।
ফাইনালে কলম্বিয়াকে হারালে প্রতিযোগিতাটির সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাতে উরুগুয়েকে পেছনে ফেলে ১৬তম শিরোপা ঘরে তুলবে লিওনেল স্কালোনির দল। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ ট্রফি জয়ের স্বাদ পেয়েছে আলবিসেলেস্তেদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোপায় শিরোপা সংখ্যা ৯টি।








