আন্তর্জাতিক

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির ভাবনা, জারদারির সঙ্গে শাহবাজের বৈঠক

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির ভাবনা, জারদারির সঙ্গে শাহবাজের বৈঠক

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এ পরিস্থিতিতে দেশটির সামগ্রিক নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রদেশটিতে সন্ত্রাসবাদ মোকাবিলা এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারের বিরোধের মধ্যে এ বৈঠক হলো।

প্রেসিডেন্ট ভবনের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, রাজনৈতিকবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ, আইনমন্ত্রী আজম নাজির তারার এবং অ্যাটর্নি জেনারেল মানসুর উসমান আওয়ান উপস্থিত ছিলেন। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শেরি রেহমান ও সৈয়দ নাভিদ কামারও বৈঠকে অংশ নেন। আগামী মঙ্গলবার জাতীয় পরিষদ ও সিনেটের পৃথক অধিবেশন আহ্বানের সিদ্ধান্ত হয়েছে।

পরে খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি ও স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি প্রেসিডেন্টের সঙ্গে আরেকটি বৈঠক করেন। এতে প্রদেশটির অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। কুন্দি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, প্রদেশটি অনেক ত্যাগ স্বীকার করেছে। রাজনৈতিক স্বার্থের চেয়ে মানুষের জীবন রক্ষা ও সন্ত্রাসবাদ পরাজিত করাকে অগ্রাধিকার দিতে হবে।

কেন্দ্রীয় সরকার ও পিটিআই নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারের মধ্যে সন্ত্রাসবাদ দমনের নীতি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ৩ অক্টোবর দুই পক্ষের আলোচনা ভেঙে যাওয়ার পেছনেও এ বিষয়টি অন্যতম কারণ ছিল। পিটিআইয়ের অভিযোগ, প্রদেশটির নিরাপত্তাবিষয়ক সিদ্ধান্ত গ্রহণে তাদের উপেক্ষা করা হচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার।

শনিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেন, জরুরি অবস্থা জারির বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। গণতান্ত্রিক সরকার হিসেবে তাঁরা এমন পদক্ষেপের পক্ষে নন; তবে পরিস্থিতি বিবেচনায় এটি শেষ বিকল্প হতে পারে। তাঁর অভিযোগ, সন্ত্রাসবাদ মোকাবিলায় কেন্দ্রের সঙ্গে সহযোগিতা না করে পিটিআই রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করেছেন। কেন্দ্র ও প্রাদেশিক সরকারের উত্তেজনা কমাতে তিনি মধ্যস্থতাকারী নয়, বরং আলোচনার পরিবেশ তৈরিতে সহায়তাকারীর ভূমিকা পালন করছেন বলে জানিয়েছেন তাঁর দলের মুখপাত্র।

অন্যদিকে, পিটিআইয়ের কেন্দ্রীয় ও রাজনৈতিক কমিটি জরুরি অবস্থা কিংবা গভর্নর শাসন জারির সম্ভাবনার বিরোধিতা করেছে। দলটির মতে, এমন পদক্ষেপ প্রদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ও নির্বাচনী ম্যান্ডেটের ওপর সরাসরি আঘাত হবে। পাশাপাশি দলটি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির নেতৃত্বে চলমান শান্তিপূর্ণ লংমার্চের প্রতি সমর্থন জানিয়েছে।

বিষয়:আসিফ আলী জারদারি খাইবার পাখতুনখাওয়া জরুরি অবস্থা জারি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই শাহবাজ শরিফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…