নারী নির্মাতাদের নিয়ে আয়োজিত উৎসবের পর্দা নামছে মঙ্গলবার

Poster for the final film screening session held on July 5, 2022, featuring a camera illustration and a woman with headphones. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশ ও বিশ্বের স্বাধীন নারী চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ প্রদান ও তাদের কাজকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য প্রথমবারের মত আয়োজন করা হয় ‘উইমেন্স লেন্স ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভাল’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত এ উৎসবের পর্দা নামছে মঙ্গলবার (৫ জুলাই)।
রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ-এ অনুষ্ঠিত হবে এর সমাপনী অনুষ্ঠান। এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদকে সহযোগিতায় রয়েছে ইএমকে সেন্টার।
এবছর আন্তর্জাতিক নারী দিবসে নারী চলচ্চিত্রনির্মাতাদের জন্য নিবেদিত এই বর্ণিল উৎসবের যাত্রা শুরু হয়। উৎসবের প্রথম আসরে ৩০ টিরও বেশি দেশ থেকে প্রায় ১০০টি চলচ্চিত্র জমা পড়ে। সমাপনী অনুষ্ঠানে নির্বাচিত সেরা ৩০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এবং বিচারক নির্বাচিত শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোকে পুরষ্কৃত করা হবে।
প্রদর্শনী শেষে ‘চলচ্চিত্র শিল্পে নারীদের জন্য একটি নিরাপদ কর্মক্ষেত্র তৈরি’ বিষয়ের উপর একটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। আলোচনাপর্বে উপস্থিত থাকবেন, বিশিষ্ট চলচ্চিত্রনির্মাতা ও চিত্রনাট্যকার শামীম আখতার। পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট-এর টেলিভিশন ও ফিল্ম বিভাগের ফ্যাকাল্টি ফৌজিয়া খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন।
সেশনটি পরিচালনা করবেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও ঢাকা ট্রিবিউনের শো টাইম সম্পাদক সাদিয়া খালিদ রীতি।
বিকেল ৩ টা থেকে শুরু হওয়া এ উৎসবটি সকলের জন্য উন্মুক্ত বলে জানিয়েছে আয়োজকরা। আয়োজনে আগত দর্শনার্থীদের মাস্ক পরিধান ও যথাযথ স্বাস্থ্যবিধি পালনের জন্য অনুরোধ জানিয়েছে তারা।






