বাংলাদেশ

মিরপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ

মিরপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে সড়কে নেমে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বিক্ষোভকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ নম্বরে এ সংঘর্ষ শুরু হয়।

গত কয়েক দিনের মতো মঙ্গলবার (৩ নভেম্বর) সকালেও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১১ নম্বরে সড়কে নামেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।

এদিকে, পুলিশ ও পোশাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষের কারণে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

মেট্রোস্টেশন বন্ধের তথ্য নিশ্চিত করেছেন এমআরটি পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মহসিন শেখ।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘সংঘর্ষের কারণে সকাল ১০টা ২২ মিনিট থেকে মিরপুর-১১ নম্বর স্টেশন বন্ধ রয়েছে। এই স্টেশনে ট্রেন থামছে না। বাকি স্টেশনগুলো খোলা আছে।’

উল্লেখ, শনি ও রোববার শ্রমিকেরা মিরপুর-১০, ১১, ১২ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন। রোববার মিরপুর-১০ নম্বর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবারও মিরপুরের বিভিন্ন পয়েন্ট দিয়ে শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করেন তবে পুলিশ তাদের বাধা দেয়। কয়েকটি স্থানে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। আজ আবার মিরপুরে সড়কে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকেরা।

বিষয়:তৈরি পোশাক কারখানার শ্রমিক মেট্রো স্টেশন রাজধানীর মিরপুর সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…