আন্তর্জাতিক

ভারতের জামিয়া মিলিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তাকর্মী সংঘর্ষ, অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ

ভারতের জামিয়া মিলিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তাকর্মী সংঘর্ষ, অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ পুনর্বহাল ও নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়েছে। অনশনরত শিক্ষার্থীদের তাঁবু সরানোর চেষ্টা ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস বন্ধ করে অনলাইনে পাঠদান চালানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের তাঁবু সরানোর উদ্যোগ নেন নিরাপত্তাকর্মীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি ও বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। গত ১২ অক্টোবর থেকে জামিয়া মিলিয়া ইসলামিয়া শিক্ষার্থী সংসদ পুনর্বহালের দাবিতে ওই তাঁবুতে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন চালিয়ে আসছিলেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মাহতাব আলম রিজভি দাবি করেন, “কংগ্রেসের দুই সংসদ সদস্য ইমরান প্রতাপগড়ি ও ইমরান মাসুদ দেয়াল টপকে অননুমোদিতভাবে ক্যাম্পাসে প্রবেশ করার পর পরিস্থিতি নাটকীয়ভাবে উত্তপ্ত রূপ নেয়।” বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার দায়ে এই দুই আইনপ্রণেতার বিরুদ্ধে ইতোমধ্যেই দিল্লি পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টির আরেকটি কারণ ছিল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ‘রাষ্ট্রবিরোধী’ স্লোগান লেখা- যার পরিপ্রেক্ষিতে বিজেপি তদন্তের দাবি জানায়। এই স্লোগানগুলো জম্মু ও কাশ্মীরের সঙ্গে সম্পর্কিত ছিল।

তবে কমিউনিস্ট ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা) অভিযোগ করেছে, কোনো উসকানি ছাড়াই অনশনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর থেকে ক্যাম্পাসে আন্দোলন চলছে। শিক্ষার্থীদের প্রধান দাবি, জামিয়া মিলিয়া ইসলামিয়া স্টুডেন্টস ইউনিয়ন পুনর্বহাল করা। ২০০৬ সালে ক্যাম্পাসে সহিংসতা ও এর ফলে শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ার পর ছাত্র সংসদটি বিলুপ্ত করা হয়েছিল।

গত ২১ অক্টোবর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকে লেখা এক চিঠিতে সিপিআই(এম)-এর সংসদ সদস্য জন ব্রিটাস প্রায় দুই দশক ধরে নির্বাচিত ছাত্র সংসদ না থাকার বিষয়টি তুলে ধরেন। তিনি মতপ্রকাশ ও সংগঠন করার সাংবিধানিক অধিকার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা এবং ছাত্র সংসদ নির্বাচনসংক্রান্ত লিংডো কমিটির সুপারিশের কথা উল্লেখ করেন।

বিষয়:অনলাইন ক্লাস অনশন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-নিরাপত্তাকর্মী সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…