২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য

ছবি: সংগৃহীত
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার সরকারি অঙ্গীকার বাস্তবায়নে গবেষণা ও বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি)। এ লক্ষ্য অর্জনে সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) আয়োজিত এক আলোচনা সভায় এসব বিষয় তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সিআইপিআরবির নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ড. একেএম ফজলুর রহমান। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোড সেফটি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার কাজী বোরহান উদ্দিন।
মূল প্রবন্ধে বিশ্বে সড়ক দুর্ঘটনার চিত্র, বাংলাদেশে দুর্ঘটনার পরিসংখ্যান, দুর্ঘটনার প্রধান কারণ এবং বিদ্যমান সড়ক পরিবহন আইন ও নীতিমালার সীমাবদ্ধতা তুলে ধরা হয়। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ কার্যকরভাবে প্রয়োগের প্রয়োজনীয়তার পাশাপাশি এ বিষয়ে সিআইপিআরবির বিভিন্ন কার্যক্রমও তুলে ধরা হয়।
আলোচনায় সড়কে নিরাপদ চলাচলে পথচারী, যাত্রী ও চালকদের দায়িত্বের বিষয়টি গুরুত্ব পায়। মুক্ত আলোচনায় অ্যাম্বুলেন্সচালকদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তা কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং দুর্ঘটনা-পরবর্তী সেবার জন্য নির্দেশিকা তৈরির প্রস্তাব দেন অংশগ্রহণকারীরা।
এ ছাড়া সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিরাপত্তা কার্যক্রমে সম্পৃক্ত করা এবং ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরে দুর্ঘটনার তথ্য যথাযথভাবে নথিভুক্ত করা, সড়ক ব্যবহারে মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন আনা এবং যানবাহনে শিশুদের জন্য নিরাপদ আসন স্থাপনের উপায় নির্ধারণ নিয়েও আলোচনা হয়।
সভায় সড়ক নিরাপত্তায় সিআইপিআরবির চলমান কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠানটির উপনির্বাহী পরিচালক ও আরটিআই প্রিভেনশন অ্যান্ড রিসার্চ ইউনিটের পরিচালক ড. সেলিম মাহমুদ চৌধুরী। তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সমাপনী বক্তব্যে সিআইপিআরবির নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গবেষণা ও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার সরকারি অঙ্গীকার বাস্তবায়নে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।






