চট্টগ্রাম থেকে: খুলনা টাইগার্সের বিপক্ষে জয়ের কাছাকাছি পৌঁছেছিল দুর্বার রাজশাহী। শেষ ওভারের লড়াইয়ে দলকে জেতাতে না পারার পর অধিনায়কত্ব হারিয়েছেন এনামুল হক বিজয়। তাসকিন আহমেদের নেতৃত্বে চিটাগং কিংসের বিপক্ষে নেমে ঘুরে দাঁড়ানো হল না দলটির। ব্যাটিং ব্যর্থতায় চলতি আসরে সবচেয়ে কম রানে গুটিয়ে গিয়ে ১১১ রানের হার দেখেছে রাজশাহী। অষ্টম ম্যাচে এসে পঞ্চম জয়ের দেখা পেল চিটাগং।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় রাজশাহী। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৯১ রানের সংগ্রহ গড়ে চিটাগং। জবাবে ১৪.২ ওভারে ৮০ রানে গুটিয়ে যায় রাজশাহী। চলতি বিপিএলে ১০০ রানের আগে গুটিয়ে যাওয়ার একমাত্র ঘটনা এটি।
আগে ব্যাটে নেমে নাঈম ইসলাম ও গ্রাহাম ক্লার্কের অনবদ্য ব্যাটিংয়ে ভালো সংগ্রহের ভিত পায় চিটাগং। পাঁচ চার ও তিন ছক্কায় ৪১ বলে ৫৬ রান করেন নাঈম। দুই চার ও তিন ছক্কায় ২৮ বলে ৪৫ রান করেন গ্রাহাম ক্লার্ক।
পরে মোহাম্মদ মিঠুন ও হায়দার আলির ঝড়ো ক্যামিওতে ১৯১ রান তোলে চিটাগং। মিঠুন ২০ বলে ৩২ এবং হায়দার আলি ১৪ বলে ১৫ রান করেন। শেষদিকে রাহাতুল ফেরদৌসের ব্যাট থেকে আসে ৮ বলে ১৬ রান।
রাজশাহীর হয়ে তাসকিন আহমেদ ও মোহর শেখ দুটি করে উইকেট নেন। জিসান আলম ও সানজামুল ইসলাম নেন একটি করে উইকেট।
জবাবে চিটাগং বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি রাজশাহীর ব্যাটাররা। কেবল দুই ব্যাটার দুঅঙ্কের ঘরে পৌঁছেছেন। এনামুল হক বিজয় ২১ বলে ২১ রান এবং আকবর আলি ১৩ বলে ১০ রান করেন।
চিটাগংয়ের হয়ে দুটি করে উইকেট নেন নাঈম ইসলাম ও শরিফুল ইসলাম।







