ক্রিকেট

ড্রেসিংরুমে আলাপ করছিলেন হৃদয়, পথে আম্পায়ার শুনে ফেলেন, হল বড় শাস্তি

জরিমানা ও ডিমেরিট পয়েন্ট

ড্রেসিংরুমে আলাপ করছিলেন হৃদয়, পথে আম্পায়ার শুনে ফেলেন, হল বড় শাস্তি

জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরি করা তাওহীদ হৃদয় ম্যাচ শেষের পরদিন দুঃসংবাদ পেলেন। আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার। ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানার সঙ্গে শৃঙ্খলা রেকর্ডে দুটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে তার নামের পাশে।

ঘটনা জোহানেসবার্গে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের চতুর্থ দিনের। খারাপ আলোর কারণে খেলা বন্ধ হওয়ার পর, অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ যখন বাংলাদেশ দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন হৃদয়কে আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করতে শুনে ফেলেন। হৃদয় যুক্তি দিচ্ছিলেন, খেলা আরও আগেই বন্ধ করা উচিত ছিল। তিনি ম্যাচ কর্মকর্তাদের নিয়ে যে ভাষায় কথা বলছিলেন সেসময়, সেটি আইসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী ‘আক্রমণাত্মক ও অশোভন’ আচরণ হিসেবে গণ্য হয়েছে।

এর প্রেক্ষিতে, হৃদয়কে আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তা কর্মীদের জন্য নির্ধারিত আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। অনুচ্ছেদটি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসম্মতি প্রদর্শনের সঙ্গে সম্পর্কিত।

হৃদয় দোষ স্বীকার করে নিয়েছেন। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেয়া শাস্তি মেনে নিয়েছেন। গত ২৪ মাসের মধ্যে এটি ছিল তার প্রথম এমন কোন অপরাধ। লেভেল ১ পর্যায়ের অপরাধের জন্য আনুষ্ঠানিক সতর্কবার্তা থেকে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেয়ার বিধান রয়েছে।

এই টেস্টে বাংলাদেশ পঞ্চমদিনে এসে ৯ উইকেটে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে হৃদয় দারুণ ছন্দে ছিলেন। প্রথম ইনিংসে ২২৭ বলে ১৩৭ রান করেন। প্রথম ইনিংসে বাংলাদেশ যখন ২২ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে, ক্রিজে এসে দলকে ৪০০ রানের সংগ্রহ গড়তে সাহায্য করেন। সিরিজের দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু হবে। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দুদল।

বিষয়:জোহানেসবার্গ টেস্ট তাওহীদ হৃদয় বাংলাদেশ সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…