গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আজ (২২ এপ্রিল) সোমবার সকাল ১০টায় চীনের রাষ্ট্রদূত টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ বীর শহীদের আত্মার শান্তি কামনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলী আফিফা, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকসহ চীনা দূতাবাসের পদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।







