গোপালগঞ্জ

খাবার কিনে দেওয়ার প্রলোভনে শিশুকে অপহরণ, ভারতে পাচারকালে উদ্ধার

অপহরণকারী আটক

খাবার কিনে দেওয়ার প্রলোভনে শিশুকে অপহরণ, ভারতে পাচারকালে উদ্ধার

গোপালগঞ্জের গোবরা গ্রাম থেকে অপহরণের ৩দিন পর ভারতে পাচারকালে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে (১২) সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো, আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় মুন্না শিকদার (৩০) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা করা হয়েছে। উদ্ধার হওয়া সাজিম গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের আকাশ শিকদারের ছেলে। অপরদিকে পাচারকারী হিসেবে পুলিশের কাছে আটক মুন্না শিকদার শিশুটির দূর সম্পর্কের আত্মীয়। তার বাড়ী কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা গ্রামে, সে ওই গ্রামের লালন সিকদারের ছেলে।

উদ্ধার হওয়া শিশুটির পরিবারের বরাত দিয়ে ওসি জানান, গত ৬ অক্টোবর রাত ৮টার পর বাসার পাশের একটি দোকান থেকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু সাজিমকে ডেকে নেয় মুন্না। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে গেলে সাজিমকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়। এরপর বিভিন্ন নম্বর থেকে কল করে শিশুটির বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মুন্না, টাকা না দিলে সাজিমকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির বাবা আকাশ শিকদার গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শিশুটিকে প্রথমে ট্রেনে করে ঢাকায় এবং পরবর্তীতে ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়েছে।

পরবর্তীতে শুক্রবার সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ সময় আটক করা হয় অপহরণকারী মুন্নাকে। শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:অপহরণ গোপালগঞ্জ ভোমরা সীমান্ত শিশু উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…