সেই উড়োজাহাজ দুর্ঘটনা: ১৯ খেলোয়াড়কে হারিয়ে যেভাবে ঘুরে দাঁড়াল শাপেকোয়েন্স

ফুটবল কখনো কখনো এমন কিছু গল্পের জন্ম দেয়, যেখানে জয়-পরাজয়ের হিসাব ছাপিয়ে বড় হয়ে ওঠে মানুষের জীবন, হারানোর বেদনা আর ঘুরে দাঁড়ানোর অদম্য লড়াই। ব্রাজিলের শাপেকোয়েন্সের গল্পটিও তেমনই এক অধ্যায়। ২০১৬ সালের ২৮ নভেম্বর কলম্বিয়ার পাহাড়ে একটি বিমান দুর্ঘটনা মুহূর্তেই বদলে দিয়েছিল ক্লাবটির ইতিহাস। হারিয়ে গিয়েছিলেন ১৯ ফুটবলারসহ ৭১ জন মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল একটি দলের স্বপ্ন, একটি শহরের আশা।
কিন্তু সেই ভয়াবহ ট্র্যাজেডির পরও থেমে থাকেনি শাপেকোয়েন্স। শোককে শক্তিতে পরিণত করে আবারও মাঠে ফিরেছিল তারা। আর সেই প্রত্যাবর্তনের নেপথ্যে ছিলেন ক্লাবটির তৎকালীন সহ-সভাপতি ও একমাত্র জীবিত পরিচালক ইভান তোজো।
রাত তখন ২টা। ঘুমের মধ্যে মোবাইল ফোন বেজে উঠতেই সেটি ধরেন তোজো। অপর প্রান্ত থেকে ক্লাবের সেক্রেটারি জোরিলদার আতঙ্কিত কণ্ঠ-‘ইভান, ইভান! শাপেকোয়েন্সের দলকে বহনকারী বিমানটি পাহাড়ে বিধ্বস্ত হয়েছে।
কোপা সুদামেরিকানার ফাইনালের প্রথম লেগ খেলতে কলম্বিয়ার মেদেলিনে যাচ্ছিল ব্রাজিলের ছোট্ট শহর শাপেকোর দলটি। ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মহাদেশীয় ফাইনালে ওঠার আনন্দে তখন উচ্ছ্বসিত ছিলেন খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকেরা। কিন্তু সেই স্বপ্নযাত্রার শেষ হয়েছিল এক ভয়াবহ বিপর্যয়ে।
দুর্ঘটনায় বিমানের ৭৭ আরোহীর মধ্যে ৭১ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন দলের ১৯ ফুটবলার। বেঁচে যান মাত্র ছয়জন, যাদের মধ্যে ছিলেন তিন ফুটবলার-গোলরক্ষক জ্যাকসন ফলম্যান, ডিফেন্ডার নেতো ও অ্যালান রুশেল।
শাপেকোয়েন্সের জন্য কোপা সুদামেরিকানা ছিল ইতিহাস গড়ার সুযোগ। কলম্বিয়ার আতলেতিকো নাসিওনালের বিপক্ষে ফাইনালের প্রথম লেগ খেলতে যাচ্ছিল দলটি। খেলোয়াড়দের মধ্যে ছিল অসাধারণ উদ্দীপনা। দুর্ঘটনায় বেঁচে যাওয়া গোলরক্ষক ফলম্যান পরে বলেছিলেন, ‘ক্লাবের ইতিহাসে নিজেদের নাম খোদাই করে লেখার স্বপ্নে পুরো দল অনুপ্রাণিত ছিল।’
কিন্তু বলিভিয়ার সান্তা ক্রুজ থেকে মেদেলিনের উদ্দেশে যাত্রা করা লামিয়া ২৯৩৩ ফ্লাইটটির জ্বালানি ছিল অপর্যাপ্ত। নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগে জ্বালানি ফুরিয়ে যায়। বিমানটি মেদেলিন বিমানবন্দর থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে পাহাড়ে বিধ্বস্ত হয়।
তদন্তে পাইলট ও এয়ারলাইনকে দায়ী করা হয়। জানা যায়, দীর্ঘ যাত্রার জন্য পর্যাপ্ত জ্বালানি নেওয়া হয়নি এবং পথে জ্বালানি নেওয়ার জন্য কোনো বিরতিও রাখা হয়নি। দুর্ঘটনার আগে পাইলট জ্বালানি সংকট ও বৈদ্যুতিক সমস্যার কথা জানিয়েছিলেন। তবে আনুষ্ঠানিকভাবে জরুরি বিপদ সংকেত পাঠানো হয়নি।
ফলম্যানের ভাষায়, ‘এটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, বরং এড়ানো সম্ভব ছিল এমন এক বিপর্যয়।’
দুর্ঘটনার খবর যখন শাপেকোতে পৌঁছায়, তখন তোজো ক্লাবের স্টেডিয়ামে টেলিভিশনের সামনে বসে ছিলেন। ভোরের দিকে খেলোয়াড়দের স্ত্রী ও পরিবারের সদস্যরা স্টেডিয়ামে আসতে শুরু করেন। চারদিকে কান্না, আহাজারি আর অবিশ্বাস।
ক্লাবের সহ-সভাপতি হিসেবে তোজো ২০০৯ সাল থেকে শাপেকোয়েন্সের সঙ্গে যুক্ত ছিলেন। দুর্ঘটনার দুই দিন আগে মেদেলিন সফর নিয়ে তার মনে অস্বস্তি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তিনি দলের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন।
তোজো বলেন, ‘আমার মনে হয়েছিল, এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি ইঙ্গিত। আমার যাওয়ার কথা ছিল না। আমি সিদ্ধান্ত বদলে বাড়িতে থেকে যাই।’
দুর্ঘটনার পর ক্লাবের পরিচালকদের মধ্যে একমাত্র জীবিত ছিলেন তোজো। শেষকৃত্যের পর বোর্ডরুমে একা বসে কান্নায় ভেঙে পড়েন তিনি। কিন্তু সেই শোকের মধ্যেই উপলব্ধি করেন, ক্লাবটিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব এখন তার কাঁধেই। বলেছেন, ‘আমার মনে হয়েছিল, শাপেকোয়েন্সেকে টিকিয়ে রাখার জন্যই আমাকে বাঁচিয়ে রাখা হয়েছে,’ বলেন তোজো।
দুর্ঘটনার পর প্রথম কয়েক দিন তোজোর সামনে ছিল কঠিন সব দায়িত্ব। নিহতদের মরদেহ শনাক্ত ও দেশে ফিরিয়ে আনা, আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং স্বজনদের পাশে দাঁড়ানো-সবকিছু সামলাতে হয় তাকে।
এর মধ্যেই আসে এক আবেগঘন খবর। ফাইনালের প্রতিপক্ষ আতলেতিকো নাসিওনাল কোপা সুদামেরিকানার ট্রফি ও চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি শাপেকোয়েন্সকে দেওয়ার অনুরোধ জানায়। সেই সম্মাননা ক্লাবটির শোকাহত পরিবারকে কিছুটা হলেও সান্ত্বনা দেয়।
তবে সামনে ছিল আরও বড় প্রশ্ন-শাপেকোয়েন্স কি আবার ফুটবল খেলতে পারবে? দলে তখন মাত্র দুজন খেলোয়াড় অবশিষ্ট ছিলেন, যারা চোটের কারণে কলম্বিয়ায় যাননি। দুর্ঘটনায় বেঁচে যাওয়া খেলোয়াড়দের কেউই তখন মাঠে ফেরার মতো অবস্থায় ছিলেন না। একাডেমির কয়েকজন তরুণ ছাড়া কার্যত নতুন করে দল গড়তে হতো।
তোজো হাল ছাড়েননি। ফুটবল পরিচালক হিসেবে রুই কস্তাকে নিয়োগ দেওয়া হয়। কোচের দায়িত্ব পান ভাগনার মানসিনি। কয়েক সপ্তাহের মধ্যেই ২২ জন নতুন খেলোয়াড়কে দলে নেওয়া হয়, যাদের অধিকাংশই এসেছিলেন ধারে।
নতুন খেলোয়াড়দের সামনে তোজোর বার্তা ছিল পরিষ্কার-তারা শুধু একটি ফুটবল ক্লাবের হয়ে খেলতে আসেননি, বরং একটি শোকাহত শহরের আশা ও স্বপ্নকে বহন করতে এসেছেন।
দুর্ঘটনার আট সপ্তাহ পর পালমেইরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফেরে শাপেকোয়েন্স। দুর্ঘটনার আগে এই পালমেইরাসের বিপক্ষেই ছিল ক্লাবটির শেষ ম্যাচ। অ্যারেনা কোন্দায় সেই প্রত্যাবর্তনের মুহূর্ত ছিল আবেগে ভরা। হুইলচেয়ারে থাকা ফলম্যান, নেতো ও রুশেল কোপা সুদামেরিকানার ট্রফি গ্রহণ করেন। স্টেডিয়ামের আকাশ আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে।
ফলম্যান জানান, ট্রফিটি হাতে নেওয়ার সময় তার চোখের সামনে যেন একটি সিনেমা ভেসে উঠেছিল। এই ট্রফি অধিনায়ক ক্লেবার সান্তানার হাতে থাকার কথা ছিল, আর পুরো দলকে ঘিরে উদযাপনের কথা ছিল। কিন্তু বাস্তবতা ছিল নির্মম। সেই উদযাপনের অনেক মুখ আর কখনো ফিরে আসবে না।
২০১৭ সালে শাপেকোয়েন্স মোট ৮০টি ম্যাচ খেলে, যার মধ্যে মাত্র পাঁচটি ছিল প্রীতি ম্যাচ। ব্রাজিলের ফুটবল কনফেডারেশন ক্লাবটিকে টানা তিন মৌসুম অবনমন থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছিল। কিন্তু তোজো তা প্রত্যাখ্যান করেন।
তার বিশ্বাস ছিল, মাঠের লড়াইয়ের মধ্য দিয়েই ক্লাবকে এগিয়ে যেতে হবে। আর সেই বিশ্বাসের প্রমাণও দেয় শাপেকোয়েন্স। নিজেদের যোগ্যতায় টানা তিন মৌসুম ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকে তারা।
২০১৭ সালে কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন হিসেবে সাউথ আমেরিকান সুপার কাপে আতলেতিকো নাসিওনালের মুখোমুখি হয় শাপেকোয়েন্স। আবারও মেদেলিনে যেতে হয় দলটিকে। এবার তোজোও ছিলেন বিমানে।
দুর্ঘটনাস্থল দেখতে গিয়ে তোজো বিশ্বাস করতে পারছিলেন না, বিমানবন্দরের এত কাছে কীভাবে এমন বিপর্যয় ঘটেছিল।
দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে হেরে গেলেও, সেই বছরের শেষ দিকে রাজ্য চ্যাম্পিয়নশিপ জেতে শাপেকোয়েন্স। ব্রাজিলের জাতীয় লিগে অষ্টম স্থান অর্জন করে তারা। এক ভয়াবহ ট্র্যাজেডির পর এমন প্রত্যাবর্তন ছিল ফুটবল ইতিহাসের অন্যতম অনুপ্রেরণাদায়ী অধ্যায়।
পরবর্তী বছরগুলোতে শাপেকোয়েন্সের পথ অবশ্য সহজ ছিল না। ২০১৯ সালে সিরি আ থেকে অবনমিত হয় ক্লাবটি। তবে সিরি বি শিরোপা জিতে পরের বছরই শীর্ষ লিগে ফিরে আসে তারা।
সেই সাফল্য স্থায়ী হয়নি। মাত্র এক মৌসুম পর আবারও অবনমন, এরপর টানা কয়েক বছর দ্বিতীয় স্তরে কাটাতে হয়। চলতি মৌসুমেও ক্লাবটি শীর্ষ লিগে খেললেও আবার অবনমনের মুখে পড়েছে। তবু ২০১৬ সালের সেই বিপর্যয়ের পর ক্লাবটির অস্তিত্ব টিকিয়ে রাখা, নতুন দল গড়া এবং মাঠে ফিরে আসাই ছিল সবচেয়ে বড় অর্জন।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া নেতো পরে শাপেকোয়েন্সের হয়ে মাত্র একবার মাঠে নেমেছিলেন-নিহতদের পরিবারের সহায়তায় আয়োজিত একটি দাতব্য ম্যাচে। গুরুতর চোটের কারণে শেষ পর্যন্ত ফুটবল ছাড়তে হয় তাকে। পরবর্তীতে তিনি ধর্মপ্রচারক হন এবং নিহত সতীর্থদের পরিবারের ন্যায়বিচারের দাবিতে কথা বলে যাচ্ছেন।
অ্যালান রুশেল ছিলেন দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একমাত্র খেলোয়াড়, যিনি দীর্ঘ সময় পেশাদার ফুটবল চালিয়ে যেতে পেরেছিলেন। দুর্ঘটনার নয় মাস পর মাঠে ফিরে ২০২১ সাল পর্যন্ত শাপেকোয়েন্সের হয়ে খেলেন তিনি। সম্প্রতি অবসর নেওয়ার আগে জুভেন্তুদের সিরি আ-তে উন্নীত হতে সহায়তা করেন রুশেল।
অন্যদিকে ফলম্যান দুর্ঘটনায় ডান পায়ের অংশ হারান। পরে গায়ক, লেখক ও অনুপ্রেরণাদায়ী বক্তা হিসেবে নতুন জীবন শুরু করেন। জীবনের উপলব্ধি নিয়ে ফলম্যান বলেন, ‘আমি আগামীকালের জন্য কিছু ফেলে রাখি না। যা বলার আজই বলি। আজই ক্ষমা করে দিই, আজই জড়িয়ে ধরি।’
দুর্ঘটনার দশ বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে শাপেকোয়েন্সের গল্প আবারও মনে করিয়ে দেয়, ফুটবল শুধু একটি খেলা নয়। এটি মানুষের স্বপ্ন, ভালোবাসা, বন্ধন এবং কখনো কখনো বেঁচে থাকার লড়াইয়েরও নাম। শাপেকোয়েন্সের প্রত্যাবর্তন তাই শুধু ফুটবলের গল্প নয়, এটি হারিয়ে যাওয়া মানুষদের স্মরণ করে জীবনের পথে আবার হাঁটা শুরু করার গল্প।






