ব্যানক্রফটের ক্ষোভ ও অভিযোগের জবাবে যা জানালেন জর্জ বেইলি

বল-ট্যাম্পারিং নিয়ে ২০২১ সালে ক্যামেরুন ব্যানক্রফটের মন্তব্য অস্ট্রেলিয়ার টেস্ট দল নির্বাচনে কখনোই প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি। পুরনো বিতর্কের কারণেই ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেও টেস্ট দলে ডাক পাননি বলে অভিযোগ করেছিলেন ব্যানক্রফট। বেইলির দাবি, নির্বাচকদের আলোচনায় এমন কোনো বিষয় ছিল না এবং দল নির্বাচনের একমাত্র ভিত্তি ছিল পারফরম্যান্স।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট দল ঘোষণার পর প্রধান নির্বাচক জর্জ বেইলি এই অবস্থান স্পষ্ট করেন বেইলি। তিনি জানান, ‘আমি বছরের পর বছর ধরে ব্যানক্রফটকে বেশ কয়েকবার বিষয়টি বুঝিয়ে বলেছি। কারণ আমার মনে হয় এই ধারণাটি তার মাথায়ও এসেছিল। তবে আমাদের পক্ষ থেকে কখনোই এমন কোনো আলোচনা হয়নি।’
চলতি মাসের শুরুতে ৪ হাজার শব্দের এক দীর্ঘ নিবন্ধে ব্যানক্রফট দাবি করেছিলেন, সেই কেলেঙ্কারির জন্য তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। ২০১৯ সালে নয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে অ্যাশেজ দিয়ে দলে ফিরলেও মাত্র দুটি টেস্ট খেলেই বাদ পড়েন তিনি। সব মিলিয়ে ফেরার পর থেকে এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন এ অজি ব্যাটার।
ব্যানক্রফট লিখেছিলেন, ‘২০২১ সালে আমার সেই বিবৃতির পর, সংশ্লিষ্ট কিছু মানুষের উপস্থিতিতে আমি ক্রমশ অস্বস্তিবোধ করতে শুরু করি। আমার মনে হতো, অস্ট্রেলিয়া দলের ড্রেসিংরুমে আমার উপস্থিতি হয়তো এমন সব প্রশ্নকে আবার সামনে নিয়ে আসবে, যা অন্যরা পেছনে ফেলে এগিয়ে যেতে চেয়েছিল। আমার মনে হয়, হয়তো সবচেয়ে সহজ উপায় ছিল আমাকে দলে না নেয়া যা আমার দৃষ্টিতে একেবারেই অন্যায্য।’
এদিকে ব্যানক্রফটের নিজ শহর পার্থে নামতে যাচ্ছে অস্ট্রেলিয়া টেস্ট দল। গত তিন সপ্তাহের ঘটনা দলকে কতটা প্রভাবিত করতে পারে, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও বেইলি জোর দিয়েছেন মূল পারফরম্যান্সের ওপর। নাথান লায়নকে বাদ দেয়ার পর বর্তমান স্কোয়াডে ২০১৮ সালের ঘটনার সঙ্গে যুক্ত চারজন খেলোয়াড় রয়েছেন।
বেইলি বলেন, ‘এর উত্তর আমার জানা নেই। এটি তাদের ওপর কোনো প্রভাব ফেলবে কি না। আমি মনে করি, খেলোয়াড় ও স্টাফদের সাথে আমার যে আলোচনা হয়েছে, তা থেকে বোঝা যায় যে পার্থে যাওয়ার জন্য এবং ক্রিকেটের প্রস্তুতি শুরু করার জন্য সবাই বেশ উচ্ছ্বসিত।’
তিনি আরও যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরটি আমাদের জন্য হতাশাজনকভাবে শেষ হয়েছিল, তবে এই দলটি অত্যন্ত গর্বিত একটি দল, যারা দীর্ঘ সময় ধরে দারুণ ক্রিকেট খেলে এসেছে। আমার মনে হয়, আমাদের মূল লক্ষ্য হবে আবারও নিজেদের সেরা পারফরম্যান্সের কাছাকাছি ফিরে আসা এবং ভালো খেলা উপহার দেয়া। সত্যি বলতে, ক্রিকেটপ্রেমী দর্শকদের বড় একটি অংশও সম্ভবত এটাই চায়। তারা কেবল চায় এই দলটি আবারও ভালো ক্রিকেট খেলুক।’





